১০ অক্টোবর, ২০২৬
চট্টগ্রামের চন্দনাইশে লোকালয়ে চলে আসা একটি মেছো বিড়াল ট্রাঙ্কুলাইজার প্রয়োগ করে উদ্ধার করেছে বন বিভাগ। পরে প্রাণীটির স্বাস্থ্য পরীক্ষা শেষে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে অবমুক্ত করা হয়। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়সংলগ্ন কাশেম মাস্টারবাড়ি এলাকা থেকে মেছো বিড়ালটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মেছো বিড়ালটির উপস্থিতি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রথমে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বিষয়টি বন বিভাগকে জানান। বরগুনি বিট কর্মকর্তা মো. রহমত আলী বলেন, ‘মেছো বিড়ালটিকে নিরাপদে উদ্ধারের জন্য ট্রাঙ্কুলাইজার প্রয়োগ করা হয়। পরে স্বাস্থ্য পরীক্ষা শেষে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে।’