☰
✕

মসজিদের দরজা বন্ধ থাকলে বারান্দা থেকে ইমামের পেছনে নামাজ হবে?

২৫ অক্টোবর, ২০২৬

গ্রীষ্মকালে বেশিরভাগ মসজিদে এসি চালানো হয়। এ সময় মসজিদের ভেতরের দরজা বন্ধ থাকে। মাঝেমধ্যে দেখা যায় যে, কোনো কোনো মুসল্লি ঠান্ডা-সর্দি ইত্যাদি সমস্যার কারণে মসজিদ সংলগ্ন বারান্দায় একাকী দাঁড়িয়ে সেখান থেকে ইমামের পেছনে নামাজ আদায়ের ইক্তেদা বা নিয়ত করে।

জানার বিষয় হল, এক্ষেত্রে ভেতরের দরজা বন্ধ থাকার কারণে বারান্দার মুসল্লিদের ইক্তেদায় কোনো সমস্যা হবে কি না?

ফেকাহবিদদের মতে, মসজিদের ভেতরের দরজা বন্ধ থাকলেও মসজিদের বারান্দা থেকে ইক্তেদা করা যাবে। ইমামের ওঠা-বসা, রুকু-সিজদার তাকবীর বারান্দা থেকে ভালোভাবে শোনা গেলে ভেতরের দরজা বন্ধ থাকলেও বারান্দা থেকে ইক্তেদা করতে কোনো সমস্যা নেই। 

তাই মসজিদে ঠান্ডা-সর্দিতে আক্রান্তদের ভেতরে না দাঁড়িয়ে বারান্দা থেকে ইক্তেদা করে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে। তবে বাস্তবিক কোনো অসুস্থতা বা অপারগতা ছাড়া ভেতরে খালি রেখে বারান্দায় দাঁড়ানো যাবে না। এমনটি করলে মাকরূহে তাহরীমী হবে।

কোনো সমস্যা বা অসুস্থতা না থাকলে সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ আদায়ের চেষ্টা করা উচিত। সামনের কাতারে নামাজ আদায়ের বিশেষ ফজিলত রয়েছে। এক হাদিসে হজরত আবু উমামা (রা.) বলেন, একবার রাসুল (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ রহমত বর্ষণ করেন ও তার ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে থাকেন প্রথম কাতারের মুসল্লিদের জন্য। সাহাবিরা বলেন, হে আল্লাহর রাসুল, দ্বিতীয় কাতারের ওপর? তিনি বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তায়ালা রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করেন প্রথম কাতারে সালাত আদায়কারীদের জন্য...।’ (মুসনাদ আহমাদ, হাদিস: ২২৩১৭)

সামনের কাতারের ফজিলত সম্পর্কে আরেক হাদিসে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘যদি লোকেরা জানত যে আজান ও প্রথম কাতারে সালাত আদায়ে কী নেকি আছে, তাহলে তারা পরস্পর প্রতিযোগিতা করত। অনুরূপভাবে যদি তারা জানত এশা ও ফজরের সালাতে কী নেকি রয়েছে, তবে তারা হামাগুঁড়ি দিয়ে হলেও ওই দুই সালাতে আসত।’ (বুখারি, হাদিস : ৬১৫)