৩১ অক্টোবর, ২০২৬
চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১ হাজার ১২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬৫৩ জনকে আটক করা হয়েছে।
তাঁদের মধ্যে ৪৬১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৯২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) একদিনের অভিযানের তথ্য শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম রেঞ্জ অফিস থেকে এই তথ্য জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের তথ্য মতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৮৬ জন, আগের মামলায় ৬৮ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৪৪ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন রয়েছেন।
এ ছাড়া ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৩ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১৩৩ জন এবং সাজা পরোয়ানামূলে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৭৫ জনকে।
তাদের মধ্যে একজন মাদক বহনকারী এবং ৭৪ জন মাদকসেবী। এ ছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরও ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের মাদকবিরোধী অভিযানে ১১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৩ জনকে কারাদণ্ড এবং ৩৮ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা করা হয়েছে।
অভিযানে ১ হাজার ৪৬৭টি ইয়াবা বড়ি, ১৫৩ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, ৯১ লিটার চোলাই মদ, চার বোতল স্কাফ সিরাপ এবং ২৮টি ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার করা হয়েছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামের তিনজন, কুমিল্লার চারজন, ব্রাহ্মণবাড়িয়ার একজন এবং নোয়াখালীর দুজন রয়েছেন। কিশোর গ্যাংবিরোধী অভিযানে সবচেয়ে বেশি সদস্য আটক করা হয়েছে কুমিল্লায়। এ জেলায় ৩৫১ জনকে আটক করা হয়। এ ছাড়া চট্টগ্রামে ১০১, লক্ষ্মীপুরে ৫৪, চাঁদপুরে ৩৭, নোয়াখালীতে ৩০, ফেনীতে ২৫, ব্রাহ্মণবাড়িয়ায় ১৫, রাঙামাটিতে ১৫, কক্সবাজারে ১২, খাগড়াছড়িতে আট এবং বান্দরবানে পাঁচজনকে আটক করা হয়েছে।