৩১ অক্টোবর, ২০২৬
জয়পুরহাটের কালাই উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কালাই-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই পৌরসভার সড়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালাই উপজেলার আপলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নূরনবী (৫৭) ও মৃত মফিজ উদ্দিনের ছেলে এনামুল হক (৫৫)। আর আহত হয়েছেন একই গ্রামের ইউসুফ আলীর ছেলে অটোরিকশাচালক সোহরাব হোসেন (৫২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় যাত্রী নিয়ে অটোরিকশাটি পুনটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা জয়পুরহাটগামী একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নূরনবী নিহত হন। গুরুতর আহত এনামুল ও চালক সোহরাবকে স্থানীয় লোকজন উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যাওয়ার পথে এনামুলের মৃত্যু হয়।
কালাই থানার পরিদর্শক (তদন্ত) ইমায়েদুল জাহেদী বলেন, ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত চালককে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।