☰
✕

ঢাবির বিজয় একাত্তর হলে শিবিরের দেওয়া এসি বন্ধ করল প্রশাসন

০৩ নভেম্বর, ২০২৬

অনুমতি ছাড়া স্থাপন এবং বৈদ্যুতিক ঝুঁকির কারণ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের রিডিং রুমে ইসলামী ছাত্রশিবিরের সৌজন্যে স্থাপন করা এয়ার কন্ডিশনার (এসি) বন্ধ করে দিয়েছে হল প্রশাসন।

গত ২৭ অক্টোবর হল কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হল প্রশাসনের অনুমতি ছাড়াই একটি ছাত্রসংগঠনের ব্যানারে রিডিং রুমে এসি স্থাপন করা হয়েছে, যা প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার পরিপন্থি। এছাড়া হলের বৈদ্যুতিক সক্ষমতা সীমিত হওয়ায় অতিরিক্ত বৈদ্যুতিক যন্ত্র সংযোজনের ফলে অগ্নিকাণ্ডসহ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। এ অবস্থায় রিডিং রুমে এসি স্থাপনের বিষয়ে কারিগরি মূল্যায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরে চিঠি পাঠিয়েছে হল প্রশাসন।

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স. ম. আলী রেজা গণমাধ্যমকে বলেন, ডাকসু ও হল সংসদের তত্ত্বাবধানে এসি স্থাপনের বিষয়ে হল প্রশাসনের কাছ থেকে ছাত্রসংগঠনটি কোনো অনুমতি নেয়নি। বিষয়টি জানার পরপরই হলের দায়িত্বরত শিক্ষক ও প্রক্টরিয়াল টিমকে সেখানে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রসংগঠনগুলোর কাছ থেকে কোনো কিছু গ্রহণের প্রচলন বা এ-সংক্রান্ত নীতিমালা কখনো ছিল না। কেন্দ্রীয় প্রশাসনের অনুমতি ছাড়া হলের সীমিত বৈদ্যুতিক সক্ষমতার মধ্যে এসি স্থাপনের সুযোগ নেই।

তবে হল প্রশাসনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বিজয় একাত্তর হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আশিক বিল্লাহ। তিনি গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার অবগত করা হয়েছে। গত ৫ অক্টোবর প্রশাসনের কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়ে ১১ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত জানানোর সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

আশিক বিল্লাহ বলেন, ১২ অক্টোবর প্রাধ্যক্ষের কক্ষে অনুষ্ঠিত বৈঠকেও বিষয়টি জানানো হয়েছিল। তখন তারা স্পষ্টভাবে বলেছিলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলে ছুটির মধ্যেই এসি স্থাপন করা হবে।

এদিকে হল সংসদের সহ-সভাপতি (ভিপি) হাসানুল হক বান্না বলেন, প্রশাসন তাদের সহযোগিতা না করে উল্টো শত্রু হিসেবে বিবেচনা করছে। এটি সম্পূর্ণ রাজনৈতিক ইস্যু। অন্যান্য হলে বিভিন্ন সংগঠনের সৌজন্যে এসিসহ বিভিন্ন সামগ্রী গ্রহণ করা হলে বিজয় একাত্তর হলে কেন তা করা যাবে না, এমন প্রশ্নও তোলেন তিনি।

বান্নার অভিযোগ, রাজনৈতিক কারণেই হল প্রশাসন এসি স্থাপনের বিষয়টি আটকে দিচ্ছে।