☰
✕

এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ ৮ দফা দাবি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের

০৩ নভেম্বর, ২০২৬

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, দ্রুত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা এবং বদলিপ্রত্যাশী শিক্ষকদের দ্রুত বদলির ব্যবস্থাসহ আট দফা দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

একই সঙ্গে চাকরির বয়সসীমা ৬৫ বছর করা, শতভাগ উৎসব ভাতা ও সরকারি নিয়মে বাড়িভাড়া দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. সেলিম ভূঁইয়া এমপি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে। অথচ এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা চাকরির নিরাপত্তা, আর্থিক সুবিধা ও সামাজিক মর্যাদার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের জীবনমান নিশ্চিত করতে চাকরি জাতীয়করণ জরুরি।

সংগঠনটির দাবি, দেশের প্রায় ৯৭ শতাংশ শিক্ষার দায়িত্ব পালন করছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা, চিকিৎসা ভাতা, বাড়িভাড়া, উৎসব ভাতা ও বৈশাখী ভাতাসহ চাকরি জাতীয়করণে বছরে প্রায় ২৬ হাজার ৩৭৩ কোটি টাকা ব্যয় হতে পারে।

অন্যদিকে শিক্ষার্থীদের বেতন, সেশন চার্জ, প্রতিষ্ঠানের সম্পদ থেকে আয়, সঞ্চিত অর্থের সুদ ও রিজার্ভ ফান্ড থেকে বছরে প্রায় ৮ হাজার ৪০০ কোটি টাকা আয়ের সম্ভাবনা রয়েছে। বিদ্যমান সরকারি ব্যয় ও সম্ভাব্য আয় সমন্বয়ের পর জাতীয়করণে সরকারের অতিরিক্ত ব্যয় বছরে প্রায় ৭০০ কোটি টাকা হতে পারে বলে দাবি করেছে ঐক্যজোট।

নবম জাতীয় বেতন স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে সেলিম ভূঁইয়া বলেন, ১৯৮০ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষক-কর্মচারীদের ৫০ শতাংশ বেতন দেওয়ার মাধ্যমে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করেন। পরবর্তী সময়ে বিভিন্ন বেতন স্কেল পরিবর্তন হলেও শিক্ষক-কর্মচারীরা প্রত্যাশিত সুবিধা পাননি।

তিনি জানান, নবম বেতন স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যবস্থা নিতে হবে। এ জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে প্রায় ৬৭৬ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে দীর্ঘদিন ধরে বিনা বেতনে দায়িত্ব পালন করা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দ্রুত এমপিওভুক্ত করার দাবি জানানো হয়। সংগঠনটির নেতারা বলেন, আর্থিক অনিশ্চয়তার কারণে এসব শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

শিক্ষকদের বদলি প্রসঙ্গে লিখিত বক্তব্যে বলা হয়, অনেক শিক্ষক নিজ উপজেলা, জেলা কিংবা বিভাগ থেকে ৩০০-৪০০ কিলোমিটার দূরে চাকরি করছেন। এতে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার পাশাপাশি পারিবারিক ও দাম্পত্য জীবনে নানা সমস্যা তৈরি হচ্ছে।

সংগঠনটির অভিযোগ, বদলির জন্য সফটওয়্যার চালু করা হলেও নানা ত্রুটির কারণে আবেদন নিষ্পত্তি হচ্ছে না। দ্রুত এসব সমস্যা সমাধান করে বদলির আদেশ জারির দাবি জানানো হয়।

এছাড়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫০ শতাংশের পরিবর্তে শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়িভাড়া এবং চাকরির বয়সসীমা বাড়িয়ে ৬৫ বছর নির্ধারণের দাবি জানিয়েছে সংগঠনটি।