০৩ নভেম্বর, ২০২৬
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ২ ডিসেম্বর থেকে সম্পূরক পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তবে দুইয়ের বেশি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এসব তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার সম্পূরক পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ওই বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি, ফরম পূরণসহ প্রয়োজনীয় নির্দেশনা জানানো হবে।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি জানান, শুধু ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরাই নন, ২০২৪ ও ২০২৫ সালে অকৃতকার্য শিক্ষার্থীরাও নির্ধারিত শর্তে সম্পূরক পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে তাদের ২০২৬ সালের পরীক্ষায় অংশগ্রহণ বা নিবন্ধন থাকতে হবে। অর্থাৎ আগের বছরগুলোতে অকৃতকার্য হলেও চলতি বছরের পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্টতা থাকা শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন।
তবে তাদের ক্ষেত্রেও এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার শর্ত প্রযোজ্য হবে। দুইয়ের বেশি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সম্পূরক পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
এদিকে আন্তশিক্ষা বোর্ডের একটি সূত্র জানিয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহে সম্পূরক পরীক্ষার ফরম পূরণ শুরু করে ৮ নভেম্বর পর্যন্ত চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি ১ থেকে ২০ নভেম্বরের মধ্যে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। তবে ফরম পূরণের চূড়ান্ত সময়সূচি বুধবারের বিজ্ঞপ্তিতে জানানো হবে।
এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
শিক্ষামন্ত্রী বলেছিলেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের যাতে একটি শিক্ষাবর্ষ নষ্ট না হয়, সে জন্য দ্রুত সম্পূরক পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
চলতি বছর প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ফলাফলে পাসের হার নেমে এসেছে ৫২ দশমিক ১২ শতাংশে, যা গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অন্যদিকে অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।
ফল প্রকাশের পর বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়।