০৮ নভেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মো. নাঈম খান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে নাসিক সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের শিমরাইল উত্তরপাড়া এলাকায় নিজ বাড়ির সামনের রাস্তায় এ হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, রাস্তা নিয়ে বিরোধের জেরে হোসেন আলী, ইকবাল ও মায়াসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে নাঈমের ওপর হামলা চালান। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে বেলা ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ের জামাতা ইমরান জানান, রাস্তার জায়গা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরেই তাঁর শ্বশুরের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ইমরান।
স্থানীয়রা জানান, নাঈম হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা নানার বাড়ির ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। কয়েক বছর আগে হোসেন আলী (৪৫) নামে এক ব্যক্তি ওই এলাকায় ৬ শতাংশ জমি কেনেন। এরপর তিনি চলাচলের রাস্তা বন্ধ করে দেন বলে অভিযোগ রয়েছে। এতে অন্তত ১০টি পরিবারের যাতায়াতের পথ বন্ধ হয়ে যায়। এ নিয়ে একাধিকবার থানায় সালিশি বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
নিহত নাঈম খান নাসিকের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। পেশায় তিনি চায়ের দোকানি ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মারামারি সংবাদ পেয়ে পুলিশ গিয়ে আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।