☰
✕

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর

০৯ নভেম্বর, ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনকে রাজনৈতিক ‘স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরবেন না।

সোমবার (৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, ‘শেখ হাসিনা এখন যা করছে, এগুলো স্টান্টবাজি। সি উইল নট কামব্যাক।’

তিনি আরও জানান, দণ্ডিত শেখ হাসিনার আত্মসমর্পণের ইচ্ছার বিষয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে চিঠি পাঠিয়েছেন তার আইনজীবীরা।

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন তিনি।

এদিকে, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারতকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে বলে বিভিন্ন সময়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।