১১ নভেম্বর, ২০২৬
বর্তমানে কোনো কোনো পীরের কাছে হাদিয়ার জায়নামাজ ও গালিচার স্তূপ জমে যায়। কেউ জিজ্ঞাসা করারও সাহস পায় না যে এত জায়নামাজ কী করবেন? অবশ্য নিজের প্রয়োজন না থাকলেও বন্ধু, আত্মীয়, মুরিদ ও মুহিব্বিনদের মধ্যে বিতরণ করার নিয়তে অনাবশ্যক জিনিস হাদিয়া হিসেবে গ্রহণ করার অবকাশ আছে।
কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমান যুগের পীররা অনাবশ্যক হাদিয়া গ্রহণ করে নিজের ভাণ্ডারেই জমা করে রাখেন। এমনকি এসব হাদিয়ার কোনো কিছু নষ্ট হলে চাকর ও সেবকদের বকাঝকা ও মারধর করেন। এর কারণ হলো তাঁরা দুনিয়ার মোহজালে আবদ্ধ বলে এসব অপ্রয়োজনীয় জিনিসের প্রতিও তাঁদের অন্তর আকৃষ্ট হয়ে পড়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা দুনিয়ায় পথিকের মতো বসবাস কোরো।
’ নবীজি (সা.)-এর উপদেশটি যদি তাদের অন্তরে ভালোভাবে বসে যেত, তবে তাদের অবস্থা এমন হতো না। বস্তুত পীরদের উপহার গ্রহণের নীতি তেমন হওয়া উচিত ছিল যেমনটি হজরত আবদুল কাদের জিলানী (রহ.) করতেন। একবার আবদুল কাদের জিলানী (রহ.)-এর কাছে তাঁর একজন মুরিদ একটি চীনের তৈরি আয়না উপহার নিয়ে এলো। হাদিয়া প্রদানকারীর মনতুষ্টির জন্য তিনি স্বীয় সেবককে ডেকে বললেন, ‘সতর্কতার সঙ্গে এই আয়নাটি রেখে দাও।
আমি মাথা আঁচড়ানোর সময়ে এটা আমার সামনে এনে রেখো।’ এতে মানুষের মনে হতে পারে আয়নাটি আবদুল কাদের জিলানী (রহ.)-এর পছন্দ হয়েছিল। ঘটনাক্রমে সেবকের হাত থেকে পড়ে আয়নাটি ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেল। শায়খ তিরস্কার করতে পারেন এমন আশঙ্কায় সেবক ভীত হয়ে পড়ে। ভয়ে ভয়ে সে নিবেদন করল, ‘আল্লাহর হুকুমে চীনের তৈরি আয়নাখানি ভেঙে গেছে।
’ আবদুল কাদের জিলানী (রহ.) কোনো চিন্তা না করেই সেবকের কথার উত্তরে সঙ্গে সঙ্গে বললেন, ‘অনেক ভালো হয়েছে, নিজের প্রতিকৃতি দেখার উপকরণ ভেঙে গেছে, ভালোই হয়েছে।’
একজন কামেল পীরের হাদিয়া গ্রহণের আরেকটি নীতি তুলে ধরছি। একবার সানজারের অধিপতি শায়খ আবদুল কাদের জিলানী (রহ.)-এর কাছে চিঠি পাঠালেন। তিনি লিখলেন, ‘আমি আপনার খানকার জন্য আমার দেশের নিমরোজ রাজস্ব (এক দিনের অর্ধেক রাজস্ব) ওজিফা হিসেবে দান করার ইচ্ছা রাখি। অনুগ্রহপূর্বক অনুমতি দান করুন।’ উত্তরে শায়খ নিম্নোক্ত কবিতা লিখে পাঠালেন-
‘যদি আমার অন্তরে সানজার রাজ্যের প্রতি বিন্দুমাত্র আকাঙ্ক্ষাও থাকে, তবে সানজার অধিপতির কালো রাজছত্রের মতো আমার ভাগ্যও কালিমালিপ্ত হোক। যেদিন থেকে অর্ধ রাতের সম্পদের সন্ধান পেয়েছি, সেদিন থেকে আমি একটি যবের দানার বিনিময়েও অর্ধদিবসের রাজত্ব কিনতে অনাগ্রহী।’
কোন আবেগে ইবরাহিম ইবনে আদহাম (রহ.) রাজত্ব ত্যাগ করেছিলেন? বিবেক-বুদ্ধি বা জ্ঞানের সাহায্যে তা হৃদয়াঙ্গম করা সম্ভব নয়। আমরা তাঁর মতো রাজত্ব পেলে এই মর্মে যুক্তি পেশ করতাম যে এমন রাজত্ব ত্যাগ করা উচিত নয়। কেননা রাজকর্ম পরিচালনার মাধ্যমে জনসেবার যথেষ্ট সুযোগ পাওয়া যায়। দ্বিতীয়ত, আলহামদুলিল্লাহ! আমাদের আদর্শের প্রাবল্য আছে। আমাদের রাজত্ব দ্বারা ধর্মের যথেষ্ট সেবা ও প্রচার হবে। অন্য কেউ শাসক হলে ধর্ম ও আদর্শের ব্যাপারে চিন্তা করবে কি না জানি না; কিন্তু ইবরাহিম ইবনে আদহাম (রহ.) আল্লাহপ্রেমে সুদৃঢ় ছিলেন। তাই তিনি যুক্তির ধার না ধেরে রাজত্ব ত্যাগ করতে সক্ষম হয়েছিলেন।
সুগভীর আল্লাহপ্রেম ও পরকালের চিন্তাই মানুষকে দুনিয়াবিমুখ হতে সাহায্য করে। যার ভেতর আল্লাহর ভালোবাসা জাগ্রত হয়, যে পরকালকেই নিজের ঘর ও আবাস মনে করে। দুনিয়ার রাজত্ব ও প্রাচুর্য তার কাছে তুচ্ছ বিষয়। এমন ব্যক্তি যত প্রাচুর্যের মধ্যেই থাকুক না কেন, দুনিয়া তাদের স্পর্শ করে না, তারা তেল ও জলের মতো নিজেকে আলাদা করে রাখে।
‘মাওয়ায়িজে আশরাফিয়া’ থেকে মো. আবদুল মজিদ মোল্লার ভাষান্তর