১১ নভেম্বর, ২০২৬
হায়েজ, মাসিক, ঋতুস্রাব বা পিরিয়ড নারীদেহের একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রতি মাসে সঠিক সময়ে মাসিক শুরু হওয়ার মাধ্যমে নারীর শারীরিক সুস্থতা ও সন্তান ধারণে সক্ষমতা নিশ্চিত হয়।
ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী একজন নারীর ঋতুস্রাবের (পিরিয়ড) সর্বনিম্ন সময় তিন দিন আর সর্বোচ্চ সময় ১০ দিন।
তিন দিন থেকে ১০ দিন পর্যন্ত যেকোনো মেয়াদে মাসিক ঋতুস্রাবকালীন (পিরিয়ড) নামাজ-রোজা করার প্রয়োজন নেই। এই দিনগুলোতে নারীর যথাসাধ্য বিশ্রাম দরকার। এ জন্য এই দিনগুলোতে ইসলাম নারীকে নামাজ-রোজা থেকে দায়মুক্তি দিয়েছে।
কোনো কারণে ঋতুস্রাবের সময় (পিরিয়ড) ১০ দিনের চেয়ে বেড়ে গেলে নিজের আগের অভ্যাস অনুপাতে যে মেয়াদ আছে, ওই দিন পর্যন্ত বন্ধ রেখে এর পর থেকে নামাজ-রোজা পালন করবে।
ঋতুস্রাবের সময় নারীরা আজানের জবাব দিতে পারবেন কিনা? যেমন একজন জানতে চেয়ে প্রশ্ন করেছেন, আমি সর্বদাই গুরুত্বের সাথে আজানের জবাব দিয়ে থাকি। মাসিক চলাকালীনও এই আমল চালু রাখি। কিন্তু আমার স্বামী আমাকে এ সময় আজানের জবাব দিতে নিষেধ করেন। তাই আমি জানতে চাচ্ছি, মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়ার বিধান কী? তখন কি আজানের জবাব দেওয়া নিষেধ?
আলেমদের মতে, ঋতুস্রাব চলাকালেও আজানের জবাব দেওয়া জায়েজ। এতে অসুবিধা নেই। তখন আজানের জবাব দেওয়াকে নিষেধ মনে করা ভুল ধারণা। মাসিক চলাকালীন কোরআন তিলাওয়াত নিষেধ। কিন্তু দোয়া, জিকির-আজকার নিষেধ নয়।