☰
✕

খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১১ নভেম্বর, ২০২৬

রাজধানীর খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় তাউসিফ ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বুধবার সকাল ১০টার দিকে খিলক্ষেত পুলিশ বক্সের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাউসিফ ময়মনসিংহ সদর উপজেলার কাচিঝুলি গ্রামের কামরুল ইসলামের ছেলে। তিনি রাজধানীর মিরপুরের ১৩ নম্বর এলাকায় তার খালুর বাসায় থাকতেন।

মোটরসাইকেল চালক সেলিম জানান, বিমানবন্দর এলাকা থেকে মোতালেব প্লাজায় যাওয়ার জন্য তার মোটরসাইকেলে ওঠেন তাউসিফ। খিলক্ষেত পুলিশ বক্সের পাশ দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাউসিফ মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ডান পাশে পড়ে যান। এসময় ট্রাকের চাকায় তাউসিফের পা পিষ্ট হয়। পরে সেলিম আহত তাউসিফকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালু হারুন অর রশিদ জানান, তাউসিফ মোতালেব প্লাজায় মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখছিল। বুধবার সকালে গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসে মোতালেব প্লাজায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। মোটরসাইকেল চালক সেলিম ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।