☰
✕

রাজশাহীতে স্ত্রীর মুখ ও শরীর অ্যাসিডে ঝলসে দিল স্বামী

১২ নভেম্বর, ২০২৬

মায়ের মুখের দিতে তাকিয়ে পরিবর্তন বোঝার চেষ্টা করছে চার বছর বয়সী কন্যা শিশু আলেয়া। সে জানে না নেশা করতে বাধা দেওয়ায় তার মা তৃষা খাতুনের (২১) মুখ ও শরীরে অটোরিকশার ব্যাটারির অ্যাসিড ঢেলে মুখ ও শরীরের কিছু অংশ ঝলসে দিয়েছে তার মাদকাসক্ত বাবা শহিদুল ইসলাম।

ছয় দিন হাসপাতালে অসহ্য যন্ত্রণা ভোগ করে বাড়ি ফিরেছেন তৃষা। সঙ্গে রয়েছে চার বছরের অবুঝ ছোট্ট মেয়েটি। এখন স্বামীর হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তৃষা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের কাছে নির্যাতনের বর্ণনা দেন তৃষা।

তিনি জানান, গত ৫ নভেম্বর রাতে নেশা করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে স্বামী তার শরীরে অ্যাসিড ঢেলে দেন। এতে মুখের একপাশসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

তৃষার অভিযোগ, স্বামী অটোরিকশা চালিয়ে উপার্জিত অর্থ নেশায় ব্যয় করতেন। সে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চাকরি করা রাজু নামে একজনের সঙ্গে নেশা করে।

তার ও মেয়ের ভরণপোষণ দিতেন না। সংসার চালাতে তাকে দুটি বাড়িতে কাজ করতে হতো। প্রতিবাদ করলেই স্বামী মারধর করতেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও স্বামী তার খোঁজ নেননি। বরং মামলা করলে হত্যার হুমকি দিয়েছেন।

তৃষা বলেন, তিনি বোয়ালিয়া থানায় অভিযোগ দিয়েছেন। তার দাবি, স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। ভালোবেসে বিয়ে করা স্বামীর ফাঁসি চান এই নির্যাতিত নারী। চার বছরের মেয়েকে নিয়ে এখন কোথায় যাবেন, সেই দুশ্চিন্তায় দিন কাটছে তার।

তানোরের মালশিরা গ্রামের তৃষা পাঁচ বছর আগে একই গ্রামের শহিদুলকে ভালোবেসে বিয়ে করেন। বর্তমানে তারা নগরীর দড়িখরবোনা রেলগেট এলাকার শাহীন বস্তিতে ভাড়া থাকতেন।

অভিযোগের বিষয়ে শহিদুল বলেন, নেশা করার বিষয়টি সত্য নয়। বিভিন্ন বিষয়ে ঝামেলা হতো, তাই অ্যাসিড মেরেছি।

বোয়ালিয়া মডেল থানার ওসি মাসুমা মুস্তারী জানান, তৃষার অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।