☰
✕

আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন

১২ নভেম্বর, ২০২৬

সৌন্দর্য মানুষের সহজাত প্রবৃত্তি। সুন্দর কিছু দেখতে, সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে এবং চারপাশের পরিবেশকে সৌন্দর্যমণ্ডিত করতে মানুষ স্বভাবতই ভালোবাসে।

ফুলের সৌরভ, নীল আকাশ, সবুজ প্রকৃতি, পাখির কলতান কিংবা প্রিয়জনের মুখের হাসি—সবকিছুতেই মানুষ সৌন্দর্যের সন্ধান করে। এটি মহান আল্লাহর দেওয়া এক বিশেষ অনুভূতি, যা মানুষের হৃদয়কে আনন্দিত করে এবং সৃষ্টিজগতের প্রতি মুগ্ধতা জাগায়। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন।’ (সহিহ মুসলিম, হাদিস : ৯১)

সৃষ্টিজতের সর্বত্র সৌন্দর্যের অনুপম নিদর্শন

মহাবিশ্বের দিকে তাকালে মহান আল্লাহর অসীম সৌন্দর্যবোধ ও সৃষ্টিশৈলীর পরিচয় পাওয়া যায়।

বিশাল আকাশকে তিনি নক্ষত্ররাজির মাধ্যমে সুশোভিত করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির সৌন্দর্যে সুশোভিত করেছি।’ (সুরা : সাফফাত, আয়াত : ৬)

পৃথিবীর বুকেও ছড়িয়ে দিয়েছেন অসংখ্য সৌন্দর্যের উপকরণ। পাহাড়, নদী, বৃক্ষরাজি, শস্যক্ষেত্র, ফুল-ফল ও বিচিত্র রঙের উদ্ভিদ—সবকিছুই তাঁর সৃষ্টির অপূর্ব নিদর্শন।

আল্লাহ তাআলা বলেন, ‘আর আমি জমিনকে বিস্তৃত করেছি, তাতে স্থাপন করেছি সুদৃঢ় পর্বতমালা এবং তাতে উদগত করেছি সব ধরনের নয়নাভিরাম উদ্ভিদ।’ (সুরা : ক্বাফ, আয়াত : ৭)

এমনকি গৃহপালিত পশুর মধ্যেও রয়েছে সৌন্দর্যের অপূর্ব প্রকাশ। আল্লাহ তাআলা বলেন, ‘আর গবাদিপশুর মধ্যে তোমাদের জন্য রয়েছে সৌন্দর্য, যখন তোমরা সন্ধ্যায় সেগুলোকে ফিরিয়ে আনো এবং সকালে চারণভূমিতে নিয়ে যাও।’ (সুরা : নাহল, আয়াত: ৬)

মানুষের সৃষ্টিতেও রয়েছে সৌন্দর্যের অনন্য প্রকাশ। মহান আল্লাহ মানুষকে দিয়েছেন সুন্দর অবয়ব, চিন্তাশক্তি, অনুভূতি ও বিবেক।

তিনি বলেন, ‘তিনিই আল্লাহ, যিনি তোমাদের জন্য পৃথিবীকে আবাসস্থল এবং আকাশকে ছাদস্বরূপ করেছেন। তিনি তোমাদের আকৃতি গঠন করেছেন এবং তোমাদের আকৃতিকে সুন্দর করেছেন।’ (সুরা : গাফির, আয়াত: ৬৪)

সুতরাং সৃষ্টিজগতের সৌন্দর্য কেবল উপভোগের বিষয় নয়; বরং তা মহান স্রষ্টার পরিচয় উপলব্ধি করারও এক অনন্য মাধ্যম। একজন সচেতন মুমিন প্রকৃতির সৌন্দর্য দেখে স্রষ্টার মহত্ত্ব স্মরণ করেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতায় নত হন।