☰
✕

প্যাকিং মেশিন ঘোষণায় সিগারেট তৈরির মেশিন আমদানি

১২ নভেম্বর, ২০২৬

প্যাকিং ও র‍্যাপিং মেশিন ঘোষণায় চট্টগ্রাম বন্দর দিয়ে সিগারেট তৈরি ও প্যাকিংয়ের সাতটি মেশিন আমদানির অভিযোগে একটি চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। বুধবার চালানটি জব্দ করা হলেও বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, চালানে সিগারেট তৈরি ও প্যাকেটজাতকরণের সাতটি মেশিনসমন্বিত একটি প্ল্যান্ট রয়েছে। প্রাথমিকভাবে ছয়টি মেশিনের তথ্য জানানো হলেও বিস্তারিত পরীক্ষায় মোট সাতটি মেশিন শনাক্ত হয়েছে। যা দিয়ে সিগারেটের একটি কারখানা চালানো সম্ভব।

সিআইআইডির পরীক্ষায় চালানে পাওয়া মেশিনের মধ্যে রয়েছে- এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি-১ সিগারেট প্যাক র‍্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন এবং সিগারেট ফিল্ম ওভারর‍্যাপার বা সেলোফেন ওভারর‍্যাপার। চালানে প্যাকিং সরঞ্জামের পাশাপাশি সিগারেট তৈরির মূল মেশিনও রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকার মিরপুরের একটি বাণিজ্যিক আমদানিকারক প্রতিষ্ঠানের নামে সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে চালানটি আমদানি করা হয়েছে। গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা বিল অব এন্ট্রিতে পণ্যটি ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। মেশিনের মডেল, বয়স, অবস্থা এবং তুলনাযোগ্য আমদানিমূল্য যাচাইয়ের পর চূড়ান্ত শুল্কায়নযোগ্য মূল্য ও প্রযোজ্য শুল্ক-কর নির্ধারণ করা যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিগারেট তৈরির মেশিন আমদানি দেশের প্রায় ২৯টি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান অথবা তাদের অনুমোদিত সরবরাহকারীর মাধ্যমে হওয়া উচিত। এর বাইরে যন্ত্রপাতি আমদানি ও ব্যবহার হলে সুপরিচিত ব্র‍্যান্ড এবং শীর্ষ করদাতা প্রতিষ্ঠানগুলোর সিগারেট নকল করে উৎপাদন ও বাজারজাত করার ঝুঁকি থাকে। এতে ভোক্তাদের প্রতারিত হওয়ার পাশাপাশি বৈধ উৎপাদনকারীদের ব্যবসায়িক ক্ষতি এবং সরকারের রাজস্ব হারানোর আশঙ্কা রয়েছে। প্যাকিং মেশিনের ঘোষণায় সিগারেট তৈরির উৎপাদন লাইন আমদানির এই ঘটনায় পণ্যের মিথ্যা ঘোষণার বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠানের আমদানির সঠিকতা, সঠিক শ্রেণিবিন্যাস, প্রকৃত মূল্য, প্রযোজ্য শুল্ক-কর এবং যন্ত্রপাতির চূড়ান্ত ব্যবহার যাচাইয়ের বিষয়টি বিস্তারিত তদন্তের পর জানানো হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।