১২ নভেম্বর, ২০২৬
রাজধানীর মিরপুরের শাহআলী এলাকায় অভিযান চালিয়ে ৩১২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ১০ লাখ ৯৭ হাজার ৯৮০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৪। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ২০ হাজার টাকা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এসআরবি-৪-এর মিডিয়া অফিসার নুরাঙ্গীর নাহিদ এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার (১১ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শাহআলী থানার রাসেল পার্ক (চিলড্রেন পার্ক) এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩০০ গ্রাম হেরোইনসহ মো. নাসিম (৩০) ও মোছা. শিউলি আক্তারকে (২৭) গ্রেফতার করা হয়।
পরে শিউলি আক্তারের দেওয়া তথ্যের ভিত্তিতে তার স্বামী রিপন হাসানের (৩৮) ভাড়া বাসায় অভিযান চালানো হয়।
তবে তিনি পালিয়ে যান। ওই বাসা থেকে আরও ১২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ১০ লাখ ৯৭ হাজার ৯৮০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন জানান, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে মজুদ করতেন। পরে শাহআলী, পল্লবী, মিরপুরসহ আশপাশের এলাকায় খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করতেন।
দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৪।