নারায়গণ্ডে ৬ তলা থেকে লাফ দিয়ে কর্মচারীর মৃত্যু
প্রতিকি ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার ছয়তলা ভবন থেকে লাফিয়ে পড়ে মো. আবুল হোসেন গাজী (২৮) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সোয়াদ গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডে এ ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন গাজী ওই কারখানার জুনিয়র অপারেটর (ড্রাই প্রসেস) পদে কর্মরত ছিলেন। তিনি চাঁদপুর সদর উপজেলার রংয়ের গাও এলাকার আবুল বারেক গাজীর ছেলে। বর্তমানে সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের আইলপাড়া এলাকায় বসবাস করতেন।
কারখানার লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বেপজা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।
সহকর্মীদের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যার উদ্দেশ্যে ভবনটির ছয়তলা থেকে লাফ দেন। তবে কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। শাহবাগ থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, শাহবাগ থানা পুলিশের মাধ্যমে তারা ঘটনাটি জানতে পেরেছেন। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।