নেত্রকোনায় নাশকতার ঘটনায় চার থানায় মামলা, আসামি ৫০১

নেত্রকোনায় নাশকতার ঘটনায় চার থানায় মামলা, আসামি ৫০১

ফাইল ছবি

নেত্রকোনার বিভিন্ন স্থানে ১০ নভেম্বর অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনায় জেলার চার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এসব মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা মিলিয়ে মোট ৫০১ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন ৯ জন।

 

গত ৯ নভেম্বর রাত থেকে ১০ নভেম্বর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অবরোধ, অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার ঘটনায় নেত্রকোনা সদর, কেন্দুয়া, মোহনগঞ্জ ও খালিয়াজুরী থানায় মামলাগুলো করা হয়েছে। এসব মামলায় পুলিশ ও বিএনপির নেতারা বাদী হয়েছেন।

তবে পূর্বধলা উপজেলায় কলেজে তালা দেওয়া, সড়কে অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও সেখানে কোনো মামলা হয়নি।

নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছে। এতে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৪ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলার চার আসামিসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে।

কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, থানায় করা মামলায় ৫৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় দুজনকে আটক করা হয়েছে।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন জানান, বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। এতে সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র লতিবুর রহমান রতন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ ইকবাল, যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুন এবং ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্তসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা জুবায়েদ আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খালিয়াজুরী থানায় ১২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১২০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সুবিনয় তালুকদারকে এ ঘটনায় আটক করা হয়েছে। সদর ইউনিয়নের মুসলিমহাটি গ্রামের বাসিন্দা বিএনপি কর্মী মো. মুসলিম মিয়া বাদী হয়ে মামলাটি করেছেন। এতে সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করা হয়েছে।

নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর, কেন্দুয়া, মোহনগঞ্জ ও খালিয়াজুরী থানায় মামলা হয়েছে। পূর্বধলা থানায় কোনো মামলা হয়নি বলেও নিশ্চিত করেন তিনি।