সিন্ধু পানি চুক্তি স্থগিতের পর চেনাব নদীতে দুটি বড় জলবিদ্যুৎ প্রকল্প চালুর পথে ভারত

সিন্ধু পানি চুক্তি স্থগিতের পর চেনাব নদীতে দুটি বড় জলবিদ্যুৎ প্রকল্প চালুর পথে ভারত

সংগৃহীত ছবি

সিন্ধু পানি চুক্তি স্থগিতের পর পাকিস্তানের সঙ্গে অভিন্ন নদীর পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে তৎপরতা বাড়িয়েছে ভারত। এরই অংশ হিসেবে জম্মু ও কাশ্মীরের চেনাব নদীতে নির্মিত ১ হাজার মেগাওয়াটের পাকাল দুল এবং ৬২৪ মেগাওয়াটের কিরু জলবিদ্যুৎ প্রকল্প চালুর প্রস্তুতি শুরু করেছে দেশটি। আগামী ডিসেম্বরের শেষ নাগাদ প্রকল্প দুটির কার্যক্রম শুরুর প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে নয়াদিল্লি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট্রের প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে প্রকল্প দুটির কমিশনিং প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট এক ভারতীয় সরকারি কর্মকর্তা জানায়, আগামী কয়েক মাসের মধ্যে এগুলো চালু করা সম্ভব হবে বলে আশা করছে ভারত সরকার। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সই হওয়া সিন্ধু পানি চুক্তি স্থগিতের পর পশ্চিমাঞ্চলীয় নদীতে ভারতের সম্পন্ন হতে যাওয়া প্রথম বড় জলবিদ্যুৎ প্রকল্প হবে এগুলো।

গত বছরের এপ্রিলে জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত।

চুক্তি অনুযায়ী, সিন্ধু অববাহিকার পূর্বাঞ্চলীয় তিন নদী রাভি, বিয়াস ও শতদ্রুর পানির ওপর ভারতের নিরঙ্কুশ অধিকার রয়েছে। অন্যদিকে, পশ্চিমাঞ্চলীয় সিন্ধু, ঝিলম ও চেনাব নদীর পানির প্রায় ৮০ শতাংশ ব্যবহারের অধিকার পাকিস্তানের। তবে এসব নদীতে  জলবিদ্যুৎ উৎপাদন, কৃষি ও গৃহস্থালি প্রয়োজনে পানি ব্যবহারের সুযোগ পায় ভারত।

চেনাব নদীতে দুটি বড় প্রকল্প

জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় চেনাব নদীর ওপর ৪ হাজার ২৮৭ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ৬২৪ মেগাওয়াটের কিরু জলবিদ্যুৎ প্রকল্প। এতে রয়েছে ১৩৫ মিটার উঁচু বাঁধ এবং ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্র। চারটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১৫৬ মেগাওয়াট।

অন্যদিকে, চেনাবের উপনদী মারুসুদার নদীতে ৮ হাজার ১১২ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ১ হাজার মেগাওয়াটের পাকাল দুল প্রকল্প। এতে রয়েছে ১৬৭ মিটার উঁচু বাঁধ এবং চারটি ২৫০ মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন ইউনিট।

প্রকল্প দুটি বাস্তবায়ন করছে ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার করপোরেশন (এনএইচপিসি) ও জম্মু-কাশ্মীর স্টেট পাওয়ার ডেভেলপমেন্ট করপোরেশনের যৌথ প্রতিষ্ঠান চেনাব ভ্যালি পাওয়ার প্রজেক্টস লিমিটেড।

কিরু ও পাকাল দুলের পাশাপাশি চেনাব নদীতে ৫৪০ মেগাওয়াটের কুয়ার এবং ৮৫০ মেগাওয়াটের রাটলে প্রকল্পের কাজও দ্রুত এগিয়ে নিচ্ছে ভারত। ২০২৮ সালের মধ্যে কুয়ার প্রকল্প চালুর সম্ভাবনা রয়েছে। এছাড়া, পশ্চিমাঞ্চলীয় নদীগুলোতে আরও চারটি জলবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা রয়েছে।

ভারতের হিসাব অনুযায়ী, পশ্চিমাঞ্চলীয় নদীগুলো থেকে জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা ১৮ হাজার ৫৬৯ মেগাওয়াট। কিন্তু বর্তমানে উৎপাদন সক্ষমতা মাত্র প্রায় ৩ হাজার ৫০০ মেগাওয়াট।

সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকায় প্রকল্পগুলোর নকশা ও পরিচালনা নিয়ে আগে যে বিধিনিষেধ ছিল, সেগুলো আর কার্যকর না থাকায় কাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে বলে দাবি করেছেন ভারতীয় কর্মকর্তারা। তবে চুক্তিটি নতুন করে আলোচনার মাধ্যমে পুনর্বহাল বা সংশোধন করা হবে কি না, তা এখনো অনিশ্চিত।

এদিকে রাভি নদীর ওপর ২০৬ মেগাওয়াট সক্ষমতার শাহপুরকান্দি বহুমুখী প্রকল্পও ২০২৭ সালের মাঝামাঝি চালুর পরিকল্পনা রয়েছে। এতে পাকিস্তানের দিকে প্রবাহিত হয়ে বর্তমানে অপচয় হওয়া রাভির পানির একটি অংশ ভারতের সেচ ও বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানো সম্ভব হবে।

বিশেষজ্ঞদের মতে, সিন্ধু পানি চুক্তি স্থগিতের পর পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর পানির ব্যবহার বাড়াতে ভারতের এই তৎপরতা দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা বাড়াচ্ছে। বিশেষ করে পাকিস্তানের কৃষি, সেচ ও পানির নিরাপত্তার ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্র: দ্য প্রিন্ট