গ্রিসকে ৭ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস
সংগৃহীত
উয়েফা নেশনস লিগে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। গ্রিসকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে ডাচরা। ম্যাচে হ্যাটট্রিক করেছেন তিয়ানি রেইন্ডার্স। জোড়া গোল করেছেন আর্সেনালের ডিফেন্ডার ইউরিয়েন টিম্বার। এমন দুর্দান্ত জয়ে কোয়ার্টার ফাইনালের আরও কাছে চলে গেল নেদারল্যান্ডস।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেদারল্যান্ডস। মাত্র ৪ মিনিটের মাথায় গ্রিসের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোলের সূচনা করেন ক্রিসেনসিও সামারভিল।
এরপর ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির সাবেক মিডফিল্ডার রেইন্ডার্স। ১৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করার পর ৩৩ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিকও।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ডোনিয়েল মালেনের ক্রস থেকে গোল করেন ইউরিয়েন টিম্বার। বিরতিতে যাওয়ার আগে স্কোরলাইন দাঁড়ায় ৫-০। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান আরও বাড়ান আর্সেনালের এই ডিফেন্ডার। পরে মালেনের প্রথম স্পর্শের দুর্দান্ত শটে ৭-০ গোলের জয় নিশ্চিত হয় নেদারল্যান্ডসের।
গত মাসেই এই গ্রিসের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েছিল নেদারল্যান্ডস। পরে রেইন্ডার্সের গোলে ২-২ সমতায় ম্যাচ শেষ করে ডাচরা। এবার সেই গ্রিসকেই রীতিমতো উড়িয়ে দিলেন জাভি হার্নান্দেজের শিষ্যরা।
গ্রুপ এ২-তে এখন ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে নেদারল্যান্ডস। সমান ম্যাচে ৮ পয়েন্ট করে নিয়ে পরের দুই স্থানে গ্রিস ও জার্মানি। ৫ ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া সার্বিয়া এরই মধ্যে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে।