যুক্তরাষ্ট্রে ট্যাংকারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী প্রমোদতরি
সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় যাত্রীবাহী প্রমোদতরি উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় নৌযানটিতে ১২৯ জন যাত্রী ছিলেন।
স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মিসিসিপি নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিউ অরলিন্স বন্দর কর্তৃপক্ষ জানায়, আটলান্টিক অ্যাসফাল্ট নামের একটি ট্যাংকার আমেরিকান হেরিটেজ নামের প্রমোদতরিটিকে ধাক্কা দেয়।
নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানান, প্রমোদতরিতে থাকা সব যাত্রীর অবস্থান শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৩২ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কারও আঘাত গুরুতর নয়।
মেয়র বলেন, ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রমোদতরিতে আঘাত করে। সে সময় যাত্রীরা নৌযান থেকে নামছিলেন। সংঘর্ষের পর প্রমোদতরিটি ধীরে ধীরে ডুবতে শুরু করে। একপর্যায়ে সেটি কাত হয়ে উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, ট্যাংকারটির ধাক্কায় প্রমোদতরির ধাতব কাঠামো ও কাচ ভেঙে যায়। লাইফ জ্যাকেট পরা অন্তত ১৫ জনকে নদী থেকে উদ্ধার করে আশপাশের জাহাজে তোলা হয়। দুর্ঘটনার সময় নদীর পানির তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।
প্রত্যক্ষদর্শী জেমি হলফোর্ড স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, ঘটনাটি ছিল অবিশ্বাস্য। সংঘর্ষের মাত্র ১৫ মিনিটের মধ্যে প্রমোদতরিটি পুরোপুরি উল্টে যায়।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করে বন্দর পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও জরুরি চিকিৎসাকর্মীরা। বন্দরের প্রশাসনিক ভবনে আহতদের প্রাথমিক চিকিৎসা ও বাছাইয়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার কারণে নদীপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়।
প্রমোদতরিটি পরিচালনাকারী প্রতিষ্ঠান আমেরিকান ক্রুজ লাইনস জানিয়েছে, জাহাজের সব যাত্রী ও কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।
২০১৫ সালে নির্মিত পাঁচতলা আমেরিকান হেরিটেজ প্রমোদতরিতে সর্বোচ্চ ১৫০ জন যাত্রী ধারণের সক্ষমতা রয়েছে। লুইজিয়ানা ও মিসিসিপির বিভিন্ন গন্তব্যে আট দিনের ভ্রমণ শেষে এটি নিউ অরলিন্সে ফিরেছিল।
অন্যদিকে, ১৬০ মিটার দীর্ঘ আটলান্টিক অ্যাসফাল্ট ট্যাংকারটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী। জাহাজটি অ্যাসফাল্ট ও বিটুমিন পরিবহনে ব্যবহৃত হয়। তবে দুর্ঘটনার সময় এতে কোনো পণ্য ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সংঘর্ষের প্রকৃত কারণও এখনো জানা যায়নি।