পিএসসির নতুন চেয়ারম্যান ও সদস্যদের শপথ দুপুরে
অধ্যাপক মোবাশ্বের মোনেম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও সদস্য হিসেবে দায়িত্ব পাওয়া পাঁচজনকে শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি।
গত ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদগুলো রদবদল হয়। এরই ধারাবাহিক ৮ অক্টোবর পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের সদস্যরা পদত্যাগ করেন।
পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। একইদিন সংস্থাটিতে চার সদস্য নিয়োগ দেয় সরকার।
মোবাশ্বের মোনেমের কমিশনে সদস্য হিসেবে থাকছেন- সুজায়েত উল্লাহ, নূরুল কাদির, আমিনুল ইসলাম এবং নাজমুল আমিন মজুমদার।
সাংবিধানিক এ প্রতিষ্ঠানে দায়িত্ব নেওয়ার তারিখ থেকে ৫ বছর বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত চেয়ারম্যান পদে বহাল থাকবেন তারা।
১৯৭৭ সালে জারিকৃত রাষ্ট্রপতির এক অধ্যাদেশে চেয়ারম্যানসহ এ সংখ্যা সর্বোচ্চ পনেরো (ন্যূনতম ছয়) নির্ধারণ করা হয়েছে। সবশেষ পিএসসিতে একজন চেয়ারম্যান ও ১৪ জন সদস্য ছিলেন।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী, একজন সভাপতি এবং অন্যূন ৬ জন ও অনধিক ২০ জন সদস্য সমন্বয়ে কমিশন গঠিত হওয়ার সুযোগ রয়েছে।