বিপিএলে আসছেন শহীদ আফ্রিদি
ছবি: সংগৃহীত
২০১২ সালের বিশ্বের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে পথচলা শুরু হয় বিপিএলের। দিনে দিনে কিছুটা রং হারালেও এই লিগ নিয়ে ভক্ত ও ক্রিকেটারদের আগ্রহ থাকে বেশ। চলতি বছরের ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে এই মেগাইভেন্টের ১১তম আসর। যেখানে গতকাল রাজধানীর পাঁচতারকা একটি হোটেলে প্লেয়ার্স ড্রাফটের মধ্যে দিয়ে শুরু হয়ে গেছে বিপিএলের রোমাঞ্চ।
ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের মতো দল গোছানোর পর এখন মনোযোগ দিচ্ছে ব্র্যান্ডিংয়ে। যার অংশ হিসেবে চিটাগাং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হচ্ছেন পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোষ্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে চিটাগাং কিংস।
আফ্রিদি ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা লেখেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, ‘বুমবুম’ আফ্রিদি চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হচ্ছেন।
বিপিএলের হয়ে দল মাতিয়েছেন পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার। এর আগে ঢাকা গ্ল্যাডিয়েটরস, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স এবং সিলেট সুপার স্টার্সের হয়ে বিপিএল খেলেছেন। ৪৫ ম্যাচে ৫৩৯ রান ও ৫৭ উইকেট পেয়েছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা গ্ল্যাডিয়েটরস এবং ঢাকা ডায়নামাইটসের হয়ে শিরোপা জয়ের রেকর্ডও আছে তার।
২০১৮ সালে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নেন আফ্রিদি। পাকিস্তানের হয়ে ৫১৮ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর জার্সি তুলে রাখেন। এরপর পেশাদার ক্রিকেটে আরো কয়েক বছর তাকে দেখা যায়। পাকিস্তানের প্রধান নির্বাচক পদেও কিছুদিন চাকরি করেছেন।