ছাত্র আন্দোলনে শহীদ শাহরিয়ার পেলেন জিপিএ-৪.৮৩

ছাত্র আন্দোলনে শহীদ শাহরিয়ার পেলেন জিপিএ-৪.৮৩

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া শেখ শাহরিয়ার বিন মতিন এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি ময়মনসিংহ বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪ দশমিক ৮৩ পেয়েছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) তার বাবা মোহাম্মদ আবদুল মতিন ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

মোহাম্মদ আবদুল মতিন ফেসবুকে লিখেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী আমার একমাত্র ছেলে কলিজার টুকরা শহীদ শেখ শাহরিয়ার বিন মতিন (Sheikh Shahriar Been Matin) এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

গত ১৮ জুলাই বিকেলে ঢাকার মিরপুরে-১০ নম্বর গোলচত্বরের কাছে গুলিবিদ্ধ হন শেখ শাহরিয়ার বিন মতিন। ডান চোখের পাশ দিয়ে গুলি ঢুকে মস্তিষ্ক ছেদ হয়ে যায় তার। শাহরিয়ারের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমড়াশাসন উত্তরপাড়া গ্রামে।

পরিবার সূত্রে জানা যায়, পরীক্ষার মধ্যে বন্ধ পেয়ে ঢাকায় মায়ের কাছে যায় শাহরিয়ার। পরে মিরপুর-২ নম্বরে খালার বাসায় বেড়াতে যায়। সেখানে খালাতো ভাইয়ের সঙ্গে আন্দোলনে অংশ নেয়। পরে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের কাছে গুলিবিদ্ধ হয় শাহরিয়ার। তার খালাতো ভাইও গুলিবিদ্ধ হয়েছিল। সেদিন আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ ও ছাত্রলীগ।