কাপ্তাইয়ে পাহাড়ের শিশুদের নিয়ে ‘পাহাড়ে বিজ্ঞান’ উৎসব

কাপ্তাইয়ে পাহাড়ের শিশুদের নিয়ে ‘পাহাড়ে বিজ্ঞান’ উৎসব

ছবি: সংগৃহীত

রাঙামাটির কাপ্তাইয়ে পাহাড়ের শিশুদের জন্য ‘পাহাড়ে বিজ্ঞান’ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। এতে দুই শতাধিক আদিবাসী, পাহাড়ি শিশু ও চা-শ্রমিকের সন্তান অংশ নেয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়শীম বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. কাজী তানভীর আহমেদ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির প্রোগ্রাম অফিসার রেজাউল ইসলাম, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, ওয়াগ্গাছড়া টি এস্টেট লিমিটেডের পরিচালক মোরশেদুল আলম কাদেরী ও খোরশেদুল আলম কাদেরী প্রমুখ।

উৎসবে ডিএনএ পৃথকীকরণ, রকেট তৈরির কৌশল, রোবট গেম, ড্রোন শো, অণুজীবের পরিচিতি ও খাদ্যে ভেজাল শনাক্তকরণসহ বিভিন্ন বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শন করা হয়।

সমাপনী পর্বে কুইজ, ধাঁধা ও লাইন ফলোয়ারসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।