সিঙ্গাপুর-মালয়েশিয়ার কাছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ক্ষমা প্রার্থনা
ফাইল ছবি।
ইন্দোনেশিয়ার দাবানলের কারণে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার জনগণের ওপর যেসব নেতিবাচক প্রভাব পড়েছে, সে জন্য নিজ সরকারের পক্ষ থেকে দেশ দুটির কাছে ক্ষমা চেয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।একই সঙ্গে দাবানলের সঙ্গে জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রাবোও বলেছেন, বনভূমি বা জঙ্গলে আগুন লাগানোর ঘটনায় জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে ইন্দোনেশিয়া সরকার অতীতেও কঠোর ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। একই সঙ্গে তারা দাবানল প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করার জন্য একটি নতুন সংস্থা গঠনের প্রস্তুতি নিচ্ছে।
রোববার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, আসিয়ান বৈঠকের একটি অধিবেশনে এই বক্তব্য তুলে ধরেছেন প্রাবোও।
ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী তেরেসা লাজারো বলেছেন, দাবানল মোকাবিলায় ইন্দোনেশিয়া কী ধরনের পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে তারা অত্যন্ত খোলামেলা কথা বলেছে।
এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, নেতারা আসিয়ান সদস্য রাষ্ট্রগুলোকে ‘ট্রান্সবাউন্ডারি হেজ পললিউশন কন্ট্রোল অন আসিয়ান কোঅর্ডিনেটিং সেন্টারের’ অনুমোদন বা অনুসমর্থনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ইন্দোনেশিয়া গত ১১ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে এবং এর ফলে প্রধানত সুমাত্রা, বোর্নিও ও পাপুয়া দ্বীপের বিশাল এলাকাজুড়ে বিস্তীর্ণ ভূমি পুড়ে ছাই হয়ে গেছে।