পিরোজপুরে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত
সংগৃহীত
পিরোজপুরে সদর উপজেলায় ট্রাকচাপায় নজরুল ইসলাম (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভৈরমপুর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। মারা যাওয়া নজরুল ভৈরমপুর গ্রামের মৃত ছত্তার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভৈরমপুর এলাকায় রবিবার সন্ধ্যা ৬টার দিকে একটি নির্মাণসামগ্রী বোঝাই ট্রাক পেছনের দিকে যাওয়ার সময় নজরুলের অটোরিকশায় ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়েন এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ রাতে গিয়ে তার মরদেহ পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, “পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালককে আটক করা সম্ভব হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”