৮ দফা দাবিতে গাইবান্ধায় নিকাহ রেজিস্ট্রারদের কলম বিরতি

৮ দফা দাবিতে গাইবান্ধায় নিকাহ রেজিস্ট্রারদের কলম বিরতি

ছবি: সংগৃহীত

মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রারদের কর্মরত এলাকার অধিক্ষেত্র বহাল রাখাসহ আট দফা দাবিতে গাইবান্ধায় কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।

সংগঠনের গাইবান্ধা জেলা শাখার সভাপতি মো. সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক কাজী জুলফিকার আলী স্বাক্ষরিত স্মারকলিপিতে নিকাহ রেজিস্ট্রারদের দীর্ঘদিনের বঞ্চনা ও পেশাগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়।

স্মারকলিপিতে ২০০৯ সালের বিধিমালার ১৩ ধারা অনুযায়ী বর্তমান নিকাহ রেজিস্ট্রারদের কর্মরত এলাকা বা অধিক্ষেত্র বহাল রাখা, অবসরের বয়সসীমা ৬৭ থেকে বাড়িয়ে ৭৫ বছর করা এবং অবসরকালীন ভাতা না থাকায় যোগ্যতার ভিত্তিতে পিতার স্থলে পুত্রকে সরাসরি নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়।

এ ছাড়া বিবাহযোগ্য বয়স ছেলেদের ১৮ ও মেয়েদের ১৬ বছর নির্ধারণ, নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ ও তালাকের হলফনামা বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিবন্ধন ফি বৃদ্ধি, নিয়োগের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের ডিও লেটার প্রথা বাতিল এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অহেতুক হয়রানি বন্ধের দাবি জানানো হয়।

সংগঠনের নেতারা তাঁদের আট দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেন