জমির ভুয়া খতিয়ান সৃষ্টির মামলা, ভূমি কর্মকর্তা কারাগারে
প্রতিকি ছবি
জালিয়াতির মাধ্যমে জমির ভুয়া খতিয়ান তৈরির মামলায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. শাহজাহান মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আলমগীর এ আদেশ দেন।
মামলার আসামি হিসেবে ওই দিন দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শাহজাহান মিয়া। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রাম উত্তরপাড়ার মৃত জলফু মিয়ার ছেলে মো. মোজাম্মেল হক ১৯৮৯ সালের ১ এপ্রিল ১৭৯২ নম্বর সাফকবলা দলিলের মাধ্যমে ৩৮ নম্বর মোহনপুর মৌজায় ৩৪ দশমিক ২৫ শতক জমি কেনেন। জমি কেনার কিছুদিন পর তিনি সপরিবারে প্রবাসে চলে যান।
মোজাম্মেল হকের অনুপস্থিতির সুযোগে স্থানীয় একটি চক্রের সদস্য কামাল উদ্দিন, দুলাল মিয়া, মোহাম্মদ আলী ও মহরম আলী পরস্পর যোগসাজশে জমিটি আত্মসাতের চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ কাজে তাদের সহযোগিতা করেন মামলার পাঁচ নম্বর আসামি অষ্টগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. শাহজাহান মিয়া। অভিযোগ অনুযায়ী, তারা যোগসাজশে ওই জমির একটি ভুয়া খতিয়ান তৈরি করেন।
প্রবাসে থাকা অবস্থায় জমি আত্মসাতের ষড়যন্ত্রের খবর পেয়ে দেশে ফিরে আসেন মোজাম্মেল হক। পরে গত ৩০ সেপ্টেম্বর তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সি.আর. ১৬৯৯/২৬ নম্বর মামলা করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন। সিআইডির তদন্তে আসামিদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে আদালতে প্রতিবেদন দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে শাহজাহান মিয়া আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়