গাজীপুরে ইটভাটা থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

গাজীপুরে ইটভাটা থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

প্রতিকি ছবি

গাজীপুরের কালীগঞ্জে একটি পরিত্যক্ত ইটভাটা থেকে পা বাঁধা রক্তাক্ত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি। সোমবার বিকেলে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের পেছনে শীতলক্ষ্যা নদীর তীরের ওই ইটভাটা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, বিকেলে স্থানীয় লোকজন কাপড় দিয়ে পা বাঁধা রক্তাক্ত অবস্থায় ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক হায়াতুর রহমান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। তিনি জানান, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও ফোলা রয়েছে।

পুলিশের ধারণা, লোহার তৈরি কোনো বস্তু দিয়ে পিটিয়ে তাকে মারাত্মক জখম করা হয়েছে। পরে রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরই নিশ্চিতভাবে বলা যাবে বলে জানান তিনি।

পুলিশ বলছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং তার স্বজনদের খোঁজ করা হচ্ছে।