কুমিল্লায় দুই মাদক কারবারির কারাদণ্ড
প্রতিকি ছবি
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটকের ঘটনায় দুই আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামীকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
সোমবার (১৬ নভেম্বর) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মো. শামছুল আলম এ রায় দেন। সন্ধ্যায় অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোসাম্মৎ মাহমুদা খানম শিল্পী এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঢুলিপাড়া সরদার বাড়ির আবদুল মতিনের ছেলে মো. আমির হোসেন (৫০) এবং একই এলাকার মৃত আলী নেওয়াজের ছেলে মো. হারুন (২৬)। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২ মার্চ বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ১০০ কেজি গাঁজাসহ আমির হোসেন ও হারুনকে আটক করা হয়। পরে এ ঘটনায় দুই জনের বিরুদ্ধে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।
এই মামলায় দীর্ঘ তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে ২০১৮ সালের ২৬ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন এসআই শরিফুল ইসলাম। পরবর্তী সময়ে মামলাটি বিচারের জন্য আদালতে গড়ালে ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানামূলে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোসাম্মৎ মাহমুদা খানম শিল্পী বলেন, এটি একটি যুগান্তকারী রায়। দ্রুত সময়ের মধ্যে এ রায় বাস্তবায়নের মাধ্যমে মাদকের বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন হবে। আগামীতে মাদক নির্মূলে এ ধরনের রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।