সেতুর নিচে অজ্ঞাত ব্যক্তির লাশ, পাশে মিলল কীটনাশকের বোতল
সংগৃহীত ছবি
ফরিদপুর শহরের টেপাখোলা সেতুর নিচ থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে পাওয়া গেছে একটি কীটনাশকের বোতল।
এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। ওই ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
গতকাল সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৯টার দিকে ফরিদপুর শহরের সিএন্ডবি ঘাট সড়কের টেপাখোলা সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে সেতুর নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশে একটি কীটনাশকের বোতল পাওয়া যায়। তবে ওই ব্যক্তি কিভাবে সেখানে পৌঁছালেন কিংবা কিভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে কাজ করছে পুলিশের একাধিক টিম।
তবে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হাসান শিকদার জানান, স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।