নেত্রকোণায় গণপ্রকৌশল দিবস পালিত
সংগৃহীত
নেত্রকোণা জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভার মধ্যদিয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি জেলা প্রেসক্লাব মিলনায়তনে গিয়ে শেষ হয়। এতে আইডিইবি জেলা শাখার সভাপতি এস এম মুসা সহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে কর্মরত প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।
পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইডিইবি নেত্রকোণা জেলা শাখার সভাপতি এস এম মুসার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু।
এ সময় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী গিয়াসউদ্দিন আহমদ, আইডিইবি’র নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাদেক খান প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন ও টেকসই সমাজ বিনির্মাণে ডিপ্লোমা প্রকৌশলীরা অগ্রণী ভূমিকা পালন করছেন। তারা আধুনিক ও সমৃদ্ধ দেশ গড়তে প্রকৌশলীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।