খালাস পাওয়ার পরও কারাগারে মানবাধিকারকর্মী আলী ওয়াজির, অ্যামনেস্টির উদ্বেগ

খালাস পাওয়ার পরও কারাগারে মানবাধিকারকর্মী আলী ওয়াজির, অ্যামনেস্টির উদ্বেগ

ছবি: সংগৃহীত

আদালত থেকে খালাস পাওয়ার পরও পাকিস্তানের পশতুন মানবাধিকারকর্মী ও দেশটির জাতীয় পরিষদের সাবেক সদস্য আলী ওয়াজিরকে কারাগারে আটকে রাখা হয়েছে। ২০২৪ সালের ৪ আগস্ট থেকে তিনি বিচার-পূর্ব আটকাবস্থায় রয়েছেন। চলতি বছরের ১৬ মার্চ কারাগার থেকে মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে আবার গ্রেফতার করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি সিন্ধু প্রাদেশিক কর্তৃপক্ষের প্রতি আলী ওয়াজিরের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, গত ২১ অক্টোবর সিন্ধুর দাদু এলাকার একটি দায়রা আদালত একটি মামলায় আলী ওয়াজিরকে খালাস দেন। তবে অন্য বিচারাধীন মামলার কথা বলে তাঁকে মুক্তি দেওয়া হয়নি। বরং ওই দিনই সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে নতুন একটি মামলা করা হয়।

৫০ বছর বয়সী আলী ওয়াজির ‘পশতুন তাহাফুজ মুভমেন্ট’ (পিটিএম)-এর অন্যতম শীর্ষ নেতা। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ছিলেন। খাইবার পাখতুনখাওয়া প্রদেশভিত্তিক নাগরিক অধিকার সংগঠন পিটিএম পশতুন জনগোষ্ঠীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও বৈষম্যের প্রতিবাদে দীর্ঘদিন ধরে কাজ করছে।

পাকিস্তানে তালেবান জঙ্গিদের বিরুদ্ধেও প্রকাশ্যে অবস্থান নিয়েছেন আলী ওয়াজির। জঙ্গিদের হামলায় অতীতে তিনি তাঁর বাবা, দুই ভাই, দুই চাচা ও তিন চাচাতো ভাইকে হারিয়েছেন।

২০২০ সালের ডিসেম্বরে রাষ্ট্রদ্রোহের অভিযোগে প্রথম গ্রেফতার হন আলী ওয়াজির। দুই বছরের বেশি সময় কারাভোগের পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পান তিনি। এরপর ২০২৩ সালের আগস্টে এবং সর্বশেষ ২০২৪ সালের ৪ আগস্ট ইসলামাবাদে একটি সড়ক দুর্ঘটনার সূত্র ধরে পুলিশ তাকে গ্রেফতার করে।

সে সময় তার বিরুদ্ধে গাড়ি দুর্ঘটনা, পুলিশের কাজে বাধা ও মাদক রাখার অভিযোগে তিনটি মামলা করা হয়। এক মাস পর এসব মামলায় জামিন পেলেও জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের (এমপিও) আওতায় তাকে আটক রাখা হয়। এরপর তাকে পাঞ্জাবের রাওয়ালপিন্ডি, গুজরাট, ভাক্কার ও সারগোধা এবং বেলুচিস্তানের গাদানি ও চৌকি কারাগারে স্থানান্তর করা হয়। এক মামলায় জামিন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে নতুন করে ডাকাতি বা সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে বলে অ্যামনেস্টির বিবৃতিতে উল্লেখ করা হয়।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে আলী ওয়াজিরকে সিন্ধু প্রদেশে স্থানান্তর করা হয়। সেখানে কারাগারে থাকা অবস্থায় ভিডিও সংযোগের মাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে নতুন মামলা করা হয়। তবে সিন্ধুর আদালতগুলো একাধিকবার তার পক্ষে রায় দিয়েছেন।

চলতি বছরের ১০ মার্চ সিন্ধু হাইকোর্টের হায়দরাবাদ বেঞ্চ সর্বশেষ বিচারাধীন মামলায় তাকে জামিন দেন। আদালত পর্যবেক্ষণে বলেন, তার বিরুদ্ধে অপরাধের কোনো প্রমাণ নেই এবং তাকে আটক রাখার আইনগত ভিত্তিও নেই। আদালতের আদেশের পর প্রশাসনিক জটিলতা কাটিয়ে ১৬ মার্চ সুক্কুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কিন্তু মুক্তির চার ঘণ্টার মধ্যেই তাকে আবার গ্রেফতার করা হয়।

পুনরায় গ্রেফতারের পর প্রায় দুই দিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এতে তাকে গুম করা হয়েছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরে ১৮ মার্চ তাকে নওশিরো ফিরোজের একটি সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করা হয়। তখন জানানো হয়, মুক্তির ঠিক এক ঘণ্টা আগে রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে নতুন মামলা করা হয়েছে।

বর্তমানে আলী ওয়াজির সিন্ধুর দাদু জেলা কারাগারে বন্দী রয়েছেন। উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগলেও কারা কর্তৃপক্ষ চিকিৎসার ব্যবস্থা না করায় গত এপ্রিল মাসে তিনি ৪৮ ঘণ্টার অনশন করেন। তার সুচিকিৎসা, পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সিন্ধুর মুখ্যমন্ত্রী প্রতি আহ্বান জানিয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, আদালতের অনুকূল রায় সত্ত্বেও বারবার কারাগার পরিবর্তন এবং নতুন মামলা দিয়ে আলী ওয়াজিরকে আটকে রাখা তার শান্তিপূর্ণভাবে অধিকার আদায়ের আন্দোলন দমনের অপচেষ্টা।