পুনরায় খুলেছে কুমিল্লার ডেনিম গার্মেন্টস, স্বস্তি ফিরেছে ১২ শতাধিক শ্রমিক-কর্মচারীর

পুনরায় খুলেছে কুমিল্লার ডেনিম গার্মেন্টস, স্বস্তি ফিরেছে ১২ শতাধিক শ্রমিক-কর্মচারীর

ছবি: সংগৃহীত

বন্ধ ঘোষণার পর আবারও চালুর সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাশহর এলাকায় অবস্থিত ডেনিম প্রসেসিং প্ল্যান্ট লিমিটেড । মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে কারখানাটির সব বিভাগের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। 

এদিকে, কারখানাটি পুনরায় চালুর সিদ্ধান্তে সংশ্লিষ্ট ১২ শতাধিক শ্রমিক-কর্মচারীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। 

প্রতিষ্ঠানটির পরিচালক মো. আলমগীর হোসাইনের স্বাক্ষরিত এক নোটিশে কারখানা চালুর তথ্য জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১২(১) ধারা মোতাবেক কারখানাটির কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে মালিক ও শ্রমিকদের মধ্যে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৭ নভেম্বর (মঙ্গলবার) থেকে কারখানার সব বিভাগ পুনরায় চালু করা হবে। এ অবস্থায় কারখানার সব শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীকে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত হয়ে নিজ নিজ কাজে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে।

এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বলেন, শ্রমিকদের ৩-৪ মাসের বেতন বকেয়া থাকত। পরবর্তীতে আমরা সভা করে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধ করার পরামর্শ দিলে মালিকপক্ষ ওই সিদ্ধান্ত গ্রহণ করে। তারপর থেকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যেই বেতন পরিশোধ করা হয়। এবার শুধু এক মাসের বেতন বকেয়া আর সেটি পরিশোধে ১৫ দিনের বেশি সময় চেয়েছে মালিকপক্ষ। কিন্তু সেটা শ্রমিকরা কোনোভাবেই মেনে নিতে চাননি। শ্রমিকরা কাজে ফিরলে মালিকপক্ষ ফ্যাক্টরি চালু করতে পারে বলে জানিয়েছে। মঙ্গলবার কারখানাটি পুনরায় চালু হয়েছে। এটি ভালো খবর।