প্রাক্তন-বর্তমানের মিলনমেলায় কাল মুখর হবে চবির সবুজ ক্যাম্পাস

প্রাক্তন-বর্তমানের মিলনমেলায় কাল মুখর হবে চবির সবুজ ক্যাম্পাস

ফাইল ছবি

৬০ বছরের গৌরবময় পথচলা উদযাপনে বর্ণিল সাজে প্রস্তুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। হীরকজয়ন্তী উপলক্ষে বুধবার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় মুখর হয়ে উঠবে পাহাড়ঘেরা সবুজ ক্যাম্পাস। দিনব্যাপী আয়োজনে অংশ নিতে দেশ-বিদেশ থেকে সমবেত হবেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। তাঁদের যাতায়াত নির্বিঘ্ন করতে শহর থেকে ৫০টি বাস, বিশেষ শাটল ট্রেন এবং ক্যাম্পাসে বিনা মূল্যে ই-কার সার্ভিসের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হীরকজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। আলোচনা সভা ও মূল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। এ ছাড়া বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

হীরকজয়ন্তীতে নিবন্ধনকারী প্রাক্তন শিক্ষার্থীদের যাতায়াতের জন্য চট্টগ্রাম শহরের বিভিন্ন পয়েন্ট থেকে ৫০টি বাস চলাচল করবে। সকাল ৭টা ৩০ মিনিট থেকে এসব বাস ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাবে।

বড়পোল মোড়ের ইস্টার্ন ব্যাংকের সামনে থেকে সকাল ৭টা ৩০ মিনিটে একটি বাস ছেড়ে আগ্রাবাদ ২ নম্বর গেট (কর্ণফুলী কমপ্লেক্স) হয়ে ক্যাম্পাসে যাবে। আগ্রাবাদ বাদামতলী মোড়ের সোনালী ব্যাংকের সামনে থেকে সকাল ৭টা ৪৫ মিনিটে একটি এবং ৮টায় আরেকটি বাস ছাড়বে। নিউমার্কেট থেকে মোট সাতটি বাস চলবে। এর মধ্যে সকাল ৭টা ৩০ মিনিটে একটি, ৭টা ৪৫ মিনিটে তিনটি এবং ৮টায় তিনটি বাস ছেড়ে যাবে।

এ ছাড়া ওয়াসার মোড় (জমিয়াতুল ফালাহ) থেকে ১৫টি এবং ষোলশহর শপিং কমপ্লেক্স থেকে ২৫টি বাস চলাচল করবে। এসব বাস সকাল ৭টা ৩০ মিনিট থেকে যাত্রীপূর্ণ হওয়া সাপেক্ষে ছাড়বে। সর্বশেষ বাস ছাড়বে সকাল ৮টার মধ্যে। আসন খালি থাকা সাপেক্ষে নিবন্ধনকারী প্রাক্তন শিক্ষার্থীরা আগ্রাবাদ ২ নম্বর গেট, পলিটেকনিক মোড় ও শেরশাহ লিংকরোড মোড় থেকেও বাসে উঠতে পারবেন।

অনুষ্ঠান শেষে শহরে ফেরার জন্যও বিশেষ বাসের ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে প্রতি ১৫ মিনিট অন্তর পাঁচটি করে মোট ২০টি বাস শহরের উদ্দেশে ছেড়ে যাবে। যাত্রীপূর্ণ হওয়া সাপেক্ষে বাসগুলো ছাড়বে। অবশিষ্ট বাসগুলো রাত ৯টায় শহীদ মিনার থেকে ছেড়ে যাবে।

হীরকজয়ন্তী উপলক্ষে ১৮ নভেম্বরের জন্য বিশেষ শাটল ট্রেনের সময়সূচিও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূচি অনুযায়ী, চট্টগ্রাম বটতলী স্টেশন থেকে সকাল ৭টা ১৫ মিনিট, ৭টা ৪০ মিনিট, দুপুর ২টা ৩০ মিনিট, বিকেল ৩টা ৩০ মিনিট, বিকেল ৫টা, রাত ৮টা ৩০ মিনিট ও রাত ৯টায় ট্রেন ছেড়ে আসবে।

অন্যদিকে ষোলশহর স্টেশন থেকে সকাল ৯টা ৩০ মিনিট, ১০টা ১৫ মিনিট ও ১১টা ৩০ মিনিটে ট্রেন ছাড়বে। বিশ্ববিদ্যালয় রেলস্টেশন থেকে ষোলশহরের উদ্দেশে সকাল ৮টা ৪০ মিনিট, ৯টা ৫ মিনিট ও ১০টা ৩০ মিনিটে ট্রেন ছেড়ে যাবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে দুপুর ১টা, ২টা, বিকেল ৩টা ৩৫ মিনিট, ৪টা ৪০ মিনিট, সন্ধ্যা ৬টা ২০ মিনিট, রাত ৯টা ৪৫ মিনিট ও ১০টা ২০ মিনিটে ট্রেন ছাড়বে।

ক্যাম্পাসের ভেতরে যাতায়াত সহজ করতে বিনা মূল্যে ই-কার সার্ভিস চালু থাকবে। ছয়টি ই-কার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রকৌশল দপ্তর থেকে শহীদ মিনার পর্যন্ত চলাচল করবে। তবে র‌্যালি চলাকালে এ পথে ই-কার চলাচল বন্ধ থাকবে। অন্য ছয়টি ই-কার কাটাপাহাড় রাস্তার মুখ থেকে জীববিজ্ঞান অনুষদ পর্যন্ত প্রয়োজন অনুযায়ী চলাচল করবে।

হীরকজয়ন্তীর র‌্যালি সকাল ১০টায় শহীদ মিনার থেকে শুরু হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হবে। মাঠে স্থাপিত বুথে সকাল ৮টা থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হবে। শহর থেকে বাসে আসা প্রাক্তন শিক্ষার্থীরা নিরাপত্তা দপ্তরের মোড়ে নেমে নিবন্ধন শেষে বিনা মূল্যের ই-কারে শহীদ মিনারে যেতে পারবেন। চাইলে সরাসরি শহীদ মিনারে গিয়ে র‌্যালিতে অংশ নিয়ে পরে মাঠেও নিবন্ধন করতে পারবেন।

এদিন সোহরাওয়ার্দী মোড়, নিরাপত্তা মোড় ও ২ নম্বর গেট থেকে কেন্দ্রীয় খেলার মাঠমুখী গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ৬০ বছরের অর্জন, ঐতিহ্য ও স্মৃতিকে ধারণ করে হীরকজয়ন্তী উপলক্ষে নেওয়া হয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন সাবেক শিক্ষার্থীরা। তাঁদের পদচারণায় নতুন করে প্রাণ ফিরে পাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৬০ বছরে পদার্পণ উপলক্ষে হীরকজয়ন্তী উৎসব উদযাপন করা হবে। আমাদের প্রস্তুতি প্রায় শেষ। প্রত্যেক উপকমিটির সদস্যরা তাঁদের শেষ মুহূর্তের কার্যক্রম সম্পন্ন করছেন। আমরা আশা করছি, আগামীকাল একটি সুন্দর হীরকজয়ন্তী উদযাপন করতে পারব।’