হামলার ক্ষত শুকানোর আগেই আগুনে পুড়ে ছাই তিন ভাইয়ের বসতবাড়ি
ছবিঃ সংগৃহীত।
প্রথমে প্রকাশ্য সড়কে হামলা। লোহার রড, খন্তা ও লাঠির আঘাতে ভেঙে দেওয়া হয় ডান হাতের কব্জির হাড়। ছিনিয়ে নেওয়া হয় ভাতিজির বিয়ের আসবাবপত্র কেনার জন্য সঙ্গে রাখা দুই লাখ টাকাও। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আগুনে পুড়ে ছাই হলো তার বসতবাড়ি। আগুনে নিঃস্ব হয়েছে তিন ভাইয়ের পরিবার। পুড়েছে আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা, শিক্ষাগত সনদ, জমির দলিলসহ গুরুত্বপূর্ণ নথিপত্র।
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পশ্চিম গোলারপাড়ায় একই পরিবারের সদস্যদের ঘিরে পরপর দুটি ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ অগ্নিকাণ্ডের ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখছে না ক্ষতিগ্রস্ত পরিবার। তাদের দাবি, এটি পরিকল্পিত অগ্নিসংযোগ।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্য, আগুন লাগার আগে বাড়ির টিনের চালে মানুষের হাঁটাচলার শব্দ শুনেছিলেন তারা। এরপরই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে।
গত সোমবার (১৬ নভেম্বর) ভোর রাত আনুমানিক সাড়ে চারটার দিকে পিএমখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোলারপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পিএমখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং তার ভাই বিএনপির অঙ্গসংগঠন কৃষক দলের নেতা নাজিম উদ্দিনের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
জসিম উদ্দিনের দাবি, তাদের তিন ভাইয়ের পরিবারের মোট ১৫ সদস্য ওই বাড়িতে বসবাস করেন। আগুনে তিন ভাইয়ের তিন সেট আসবাবপত্র, সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, সাড়ে ১৫ লাখ টাকা, তার এসএসসি, এইচএসসি, অনার্স ও স্নাতকোত্তরের সনদ পুড়ে গেছে। একই সঙ্গে জমির দলিল, খতিয়ান, পাঁচটি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্রও রক্ষা করা যায়নি। পরিবারের আট সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং অন্যদের জন্মনিবন্ধনের কাগজও পুড়ে ছাই হয়েছে।
জসিম উদ্দিন বলেন, ‘ওইদিন আমি বাড়িতে ছিলাম না, চিকিৎসা নিতে ঢাকায় গিয়েছিলাম। ২০০৬ সালের দিকে সেমিপাকা বাড়িটি তৈরি করা হয়। আমরা তিন ভাই একই বাড়িতে বসবাস করি। ফজরের নামাজের জন্য আমার বড় ভাবি ঘুম থেকে উঠেন। তখন তিনি টিনের চালের ওপর কারও হাঁটাচলার শব্দ শুনতে পান। এর কিছুক্ষণ পরই টিনের ওপর আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।’
অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে পরিবারের বক্তব্যে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। পরিবারের দাবি, ঘটনার সময় রান্নাঘরের চুলা বন্ধ ছিল। বিদ্যুতের শর্টসার্কিট থেকেও আগুন লাগার কোনো লক্ষণ তারা দেখেননি। তাদের সন্দেহ, বাইরে থেকে কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে।
স্থানীয় কয়েকজন বাসিন্দাও আগুনের সূত্রপাত নিয়ে সন্দেহের কথা জানিয়েছেন। তাদের ভাষ্য, ফজরের সময় চিৎকার-চেঁচামেচি শুনে ঘর থেকে বের হয়ে তারা জসিম ও নাজিম উদ্দিনের বাড়ির টিনের চালে আগুন জ্বলতে দেখেন। টিনের চালের ওপর পানি পৌঁছানো সম্ভব না হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আগুনের শুরু দেখে আমাদের মনে হয়নি রান্নাঘর কিংবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। সবশেষে রান্নাঘরে আগুন পৌঁছেছে। টিনের চালের ওপর তো বৈদ্যুতিক বোর্ড বা সুইচ থাকে না।’
তার মতে, আগুনের সূত্রপাত কোথায়, কীভাবে এবং বাইরে থেকে কোনো দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল কি না, ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ ও কারিগরি পরীক্ষা করলে সব বের হয়ে আসবে।
খোঁজ নিয়ে জানা গেছে, অগ্নিকাণ্ডের শিকার বাড়ির বাসিন্দা জসিম উদ্দিন। গত ৪ সেপ্টেম্বর বিকেল চারটার দিকে পিএমখালীর বাংলাবাজার নয়াপাড়া এলাকার ভাই ভাই হোটেলের সামনে প্রকাশ্য সড়কে তার ওপর হামলার ঘটনা ঘটে।
জসিমের অভিযোগ, তখন আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন তার পথরোধ করে লোহার রড, খন্তা ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে লোহার খন্তা দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করা হলে তিনি হাত দিয়ে প্রতিরোধ করেন। এতে তার ডান হাতের কব্জির হাড় ভেঙে যায়। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত পান তিনি।
সেদিন তার সঙ্গে থাকা ভাতিজির বিয়ের ফার্নিচার কেনার জন্য রাখা দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় জসিম উদ্দিন বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা করেন। মামলায় পিএমখালীর মধ্যম নয়াপাড়ার শামশুল হুদা, পূর্ব গোলারপাড়ার লিয়াকত আলী, তার ছেলে শওকত আলী, রাশেলসহ কয়েকজনকে আসামি করা হয়। এজাহারে অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়েছে।
এজাহারে জসিম অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জেরে তাকে ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছিল। হামলার আগে কয়েক দিন ধরে অভিযুক্ত ব্যক্তিরা তাকে বাংলাবাজার স্টেশন এলাকায় খুঁজছিলেন। এর আগেও তাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।
জসিম উদ্দিনের ওপর হামলার ঘটনায় করা মামলায় পুলিশ অভিযান চালিয়ে লিয়াকত আলীকে গ্রেপ্তার করেছিল। পরে গ্রেপ্তার লিয়াকত আলী এবং মামলার অন্য আসামিরা জামিনে মুক্ত হন বলে জানা গেছে।
এরপর গত ১৬ নভেম্বর ভোরে তাদের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগের হামলার পর নতুন করে বসতবাড়িতে আগুন লাগার ঘটনায় পরিবারটির মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।
পরিবারের সদস্যদের সন্দেহ, আগের হামলার ঘটনার সঙ্গে সর্বশেষ অগ্নিকাণ্ডের কোনো যোগসূত্র থাকতে পারে। অতীতের ক্ষোভ তারা এই ঘটনা ঘটাতে পারে বলেও ধারণা করা হচ্ছে। আগের মামলার আসামিদের কেউ এই ঘটনায় জড়িত কি না, তা খতিয়ে দেখতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তারা।
এ ছাড়া আগের হামলার মামলার প্রেক্ষাপট ও অগ্নিকাণ্ডের সময়ের ধারাবাহিকতাও তদন্তকারীদের বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে মনে করছে ক্ষতিগ্রস্ত পরিবার।
পরিবারের দাবি, অগ্নিকাণ্ডের ঘটনাটি বিচ্ছিন্নভাবে না দেখে আগের হামলার মামলার প্রেক্ষাপটসহ পুরো বিষয়টি খতিয়ে দেখা হোক। একই সঙ্গে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আগুনের প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসী বলছেন, একটি পরিবারের জন্য বাড়ি শুধু বসবাসের জায়গা নয়, সেখানে জমে থাকে বহু বছরের স্মৃতি, প্রয়োজনীয় কাগজপত্র এবং জীবনের সঞ্চয়। পিএমখালীর এই বাড়িতে আগুনে সেসবের অনেক কিছুই শেষ হয়ে গেছে। কিন্তু আগুনের সূত্রপাত নিয়ে থেকে গেছে প্রশ্ন। আগের হামলার সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কি না, নাকি এটি নিছক দুর্ঘটনা, তা এখনো অজানা।
পরিবারের নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া উদ্বেগ দূর করতে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে তাৎক্ষণিকভাবে বিদ্যুতের গোলযোগ থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করেছিলাম। তবে বিদ্যুতের গোলযোগ থেকে আগুন লাগলে টিনের চালের ওপর আগুন দেখা দেওয়ার বিষয়টি প্রশ্ন তৈরি করে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে আগুনের প্রকৃত কারণ উদ্ঘাটন করা যেতে পারে।’
তবে বিদ্যুতের গোলযোগ, বাইরে থেকে অগ্নিসংযোগ কিংবা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। এ ক্ষেত্রে তদন্ত কমিটির মাধ্যমে ঘটনাস্থলের আলামত ও আগুনের ধরন বিশ্লেষণ করে প্রকৃত কারণ নির্ধারণের ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্ট এই কর্মকর্তা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘অগ্নিকাণ্ডের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হবে। তদন্তে কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’