রাজধানীর খিলগাঁও থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁও থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত।

রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়া ও সিপাহীবাগ এলাকা থেকে এক গৃহবধূসহ দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া ও সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁওয়ের নন্দীপাড়া নেওয়াজবাগ ১৩ নম্বর রোডসংলগ্ন কোবা মসজিদ রোডের একটি ভাড়া বাসা থেকে ফাতেমা আক্তার (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

ফাতেমা জামালপুরের মাদারগঞ্জ থানার চর গোপালপুর গ্রামের মো. ফরিদুল ইসলামের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে ওই বাসায় বসবাস করতেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. এরশাদ আলী জানান, খবর পেয়ে পুলিশ ওই বাসার একটি কক্ষের মেঝেতে চাদর দিয়ে ঢাকা অবস্থায় ফাতেমার মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের বিষয়টি উঠে এসেছে। নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, বিয়ের আগে ফাতেমার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। প্রায় ছয় মাস আগে পরিবারের সিদ্ধান্তে মো. রাকিব মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়েতে ফাতেমার সম্মতি ছিল না। এসব বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

অন্যদিকে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকার একটি বাসার পঞ্চম তলা থেকে শামসুন্নাহার বেগম (৫৮) নামের আরেক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

শামসুন্নাহার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার দক্ষিণ বাশুড়িয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার স্ত্রী। তিনি দুই মেয়ে ও এক ছেলের জননী ছিলেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) কাজী আবু জুবাইর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, স্বামীর মৃত্যুর পর থেকে শামসুন্নাহার মানসিক সমস্যায় ভুগছিলেন। এ জন্য তার চিকিৎসাও চলছিল। পরিবারের দাবি, মানসিক অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করেছেন।

পুলিশের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে দুটি ঘটনাকেই আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।