রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহী নিহত

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহী নিহত

সংগৃহীত

সাইবেরিয়ার কেমেরোভোতে রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা ১৭ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সাইবেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কেমেরোভোর যাগুনোভো গ্রামের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় গভর্নর ইলিয়া সেরেডিউক ম্যাক্স মেসেজিং প্ল্যাটফর্মে তার অফিসিয়াল চ্যানেলে একটি বিমান বিধ্বস্তের কথা জানান। 

সেখানে তিনি জানান, স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে বিমান বিধ্বস্তের এ ঘটনা ঘটে।

সেরেডিউক বলেন, ঘটনাস্থলে নির্মিত একটি জরুরি সেবাকেন্দ্রে ন্যাশনাল গার্ডের সদস্যসহ তাৎক্ষণিক সহায়তাকারী সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও জানা প্রকাশ করা হয়নি।

বিভিন্ন সূত্র বলছে, বিধ্বস্ত বিমানটি ছিল অ্যান্টোনভ এএন-১২ মডেলের এবং এটি নভোসিবিরস্ক থেকে কনস্কের দিকে যাচ্ছিল।

এর আগে, সেপ্টেম্বরে রাশিয়ার পূর্বাঞ্চলে ৬ ক্রু সদস্যকে নিয়ে দেশটির একটি কৌশলগত পারমাণবিক সক্ষমতাসম্পন্ন বিমান বিধ্বস্ত হয়। সে ঘটনায়ও উড়োজাহাজটির সব আরোহী নিহত হয়েছিলেন।

সূত্র: দ্য ইনডিপেনডেন্ট