কে হতে পারেন নতুন ‘বন্ড গার্ল’— জেনে নেওয়া যাক পুরোনো ৭ বন্ড গার্লকে

কে হতে পারেন নতুন ‘বন্ড গার্ল’— জেনে নেওয়া যাক পুরোনো ৭ বন্ড গার্লকে

ফাইল ছবি

জেমস বন্ড মানে রহস্য, রোমাঞ্চ আর দুর্ধর্ষ অ্যাকশন। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬-এর হয়ে দুনিয়াজুড়ে বিপজ্জনক অভিযানে নামেন। তবে ০০৭-এর গল্প কেবল লড়াই, গুপ্তচরবৃত্তি কিংবা শত্রুর মোকাবিলাতে সীমাবদ্ধ নয়। বন্ডের প্রতিটি অভিযানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একাধিক নারীচরিত্র। কখনও তাঁরা বন্ডের প্রেমিকা, কখনও শত্রুপক্ষের গুপ্তচর, আবার কখনও নিজের দক্ষতা ও সাহসিকতায় বন্ডকেও টেক্কা দিয়েছেন। গত ছয় দশকেরও বেশি সময়ে জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেছেন একাধিক তারকা। তাঁদের সঙ্গে জুটি বেঁধে দর্শকের মনে দাগ কেটেছেন বিভিন্ন প্রজন্মের অভিনেত্রীরাও। উরসুলা অ্যান্ড্রেসের সমুদ্র থেকে উঠে আসার সেই বিখ্যাত দৃশ্য থেকে শুরু করে মিশেল ইয়োর দুর্ধর্ষ অ্যাকশন কিংবা ইভা গ্রিনের রহস্যময় উপস্থিতি— প্রতিটি চরিত্র বন্ড-সিনেমার ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছে। সময়ের সঙ্গে বদলেছে বন্ড গার্ল-এর পরিচিতিও। 

জেমস বন্ডের দীর্ঘ চলচ্চিত্রযাত্রায় এমনই সাত অভিনেত্রী রয়েছেন যাঁদের অভিনয়, ব্যক্তিত্ব ও পর্দার উপস্থিতি আজও দর্শকের স্মৃতিতে অমলিন। আজকের প্রতিবেদনে তাঁদের অভিনয়জীবনের গল্পে ফিরে দেখা যাক।

ইভা গ্রিন

জেমস বন্ডের জনপ্রিয় ছবির তালিকায় অন্যতম ‘ক্যাসিনো রয়্যাল’। ২০০৬ সালে মুক্তি প্রাপ্ত ছবিতে ভেসপার লিন্ড চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন ফরাসি অভিনেত্রী ইভা গ্রিন। ছবিতে প্রথমবার জেমস বন্ডের ভূমিকায় দেখা যায় ড্যানিয়েল ক্রেগকে। বন্ডের প্রেমিকার ভূমিকা অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। 

১৯৮০ সালের ৬ জুলাই প্যারিসে জন্ম ইভার। বড়পর্দায় আসার আগে মঞ্চে অভিনয় করতেন তিনি। ২০০৩ সালে ইতালীয় পরিচালক বার্নার্দো বার্তোলুচ্চির ‘দ্য ড্রিমার্স’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ। পরবর্তী সময়ে ‘কিংডম অব হেভেন’, ‘ক্যাসিনো রয়্যাল’, ‘ফ্র্যাঙ্কলিন’ এবং ‘ডার্ক শ্যাডোজ’-এর মতো ছবিতে অভিনয় করে নিজের আলাদা পরিচিতি তৈরি করেন।

অনর ব্ল্যাকম্যান

১৯৬৪ সালের ‘গোল্ডফিঙ্গার’ ছবিতে পুসি গ্যালর চরিত্রে অভিনয় করে জেমস বন্ড অনুরাগীদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন ব্রিটিশ অভিনেত্রী অনর ব্ল্যাকম্যান। ছবিতে শন কনারির বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। পেশায় পাইলট পুসি গ্যালর ছিলেন খলনায়ক অরিক গোল্ডফিঙ্গারের ব্যক্তিগত বিমানচালক। চরিত্রটির উপস্থিতি ছবিতে বাড়তি মাত্রা যোগ করেছিল।

১৯২৫ সালের ২২ অগস্ট ইংল্যান্ডের এসেক্সে জন্ম অনরের। শুধু জেমস বন্ডের ছবিই নয়, জনপ্রিয় টেলিভিশন সিরিজ় ‘দ্য অ্যাভেঞ্জার্স’-এ অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়া সিচুয়েশনাল কমেডি ‘দ্য আপার হ্যান্ড’-এ লরা ওয়েস্ট চরিত্রেও নজর কেড়েছিলেন। ২০২০ সালে ৯৪ বছর বয়সে প্রয়াত হন এই অভিনেত্রী।

উরসুলা অ্যান্ড্রেস

জেমস বন্ডের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় দৃশ্যগুলির কথা উঠলে উরসুলা অ্যান্ড্রেসের নাম আসবেই। ১৯৬২ সালে মুক্তি প্রাপ্ত ‘ডক্টর নো’ ছবিতে হানি রাইডার চরিত্রে অভিনয় করেছিলেন সুইস অভিনেত্রী। সমুদ্রের জল থেকে সাদা বিকিনি পরে উঠে আসার সেই দৃশ্য আজও স্মরণীয় হয়ে রয়েছে। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন শন কনারি।

১৯৩৬ সালে সুইজারল্যান্ডে জন্ম উরসুলার। অভিনয় করেছেন আমেরিকান, ইতালীয় ও ব্রিটিশ ছবিতে। ১৯৬৭ সালে জেমস বন্ডের ব্যঙ্গাত্মক ছবি ‘ক্যাসিনো রয়্যাল'-এও তাঁকে দেখা গিয়েছিল। সেখানে অবশ্য ভেসপার চরিত্রে অভিনয় করেন তিনি। ‘ফান ইন অ্যাকাপুলকো’, ‘ফোর ফর টেক্সাস’, ‘শি’ এবং ‘পিটার দ্য গ্রেট-এর মতো ছবিতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

জেন সেমুর

১৯৭৩ সালের ‘লিভ অ্যান্ড লেট ডাই’ ছবিতে সলিটেয়ার চরিত্রে অভিনয় করে পরিচিতি পান জেন সেমুর। ছবিতে জেমস বন্ডের ভূমিকায় প্রথমবার দেখা যায় রজার মুরকে। জেনের অভিনীত চরিত্রটি ছিল ব্যতিক্রমী। ভবিষ্যৎ বলে দেওয়ার বিশেষ ক্ষমতা ছিল তার। প্রথমদিকে খলনায়কের সহযোগী হিসেবে দেখা গেলেও পরে বন্ডের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় সলিটেয়ারের।

ছবিটির পর আমেরিকান টেলিভিশনেও একাধিক গুরুত্বপূর্ণ কাজের সুযোগ পান জেন। বিশেষ করে ‘ডক্টর কুইন, মেডিসিন উওম্যান’ সিরিজে অভিনয় তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। এ ছাড়া ‘ক্যাপ্টেনস অ্যান্ড দ্য কিংস’, ‘দ্য উওম্যান হি লাভড’ এবং ‘ওনাসিস: দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড’-এর মতো কাজেও দেখা গিয়েছে তাঁকে। ১৯৫১ সালের ১৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডে জন্ম অভিনেত্রীর।

মিশেল ইয়ো

জেমস বন্ডের ছবিতে নারীচরিত্রের প্রচলিত ধারণা বদলে দিয়েছিলেন মিশেল ইয়ো। ১৯৯৭ সালের ‘টুমরো নেভার ডাইজা’ ছবিতে চিনা গুপ্তচর ওয়াই লিনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিতে বন্ডের ভূমিকায় ছিলেন পিয়ার্স ব্রসনান। এই ছবিতে ওয়াই লিনকে একজন দক্ষ ও সাহসী গুপ্তচর হিসেবে তুলে ধরা হয়েছিল। এমনকী বন্ডের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল চরিত্রটি।

১৯৬২ সালে মালয়েশিয়ায় জন্ম মিশেলের। চার দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র ও টেলিভিশনে কাজ করছেন তিনি। ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন’, ‘মেমোয়ার্স অব আ গেইশা’ এবং ‘সানশাইন’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। পরবর্তী সময়ে আন্তর্জাতিক চলচ্চিত্রজগতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেন এই অভিনেত্রী।

ইজাবেলা স্করুপকো

১৯৯৫ সালে মুক্তি প্রাপ্ত ‘গোল্ডেনআই' ছবিতে নাতালিয়া সিমোনোভা চরিত্রে অভিনয় করেছিলেন পোলিশ-সুইডিশ অভিনেত্রী ইজাবেলা স্করুপকো। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন পিয়ার্স ব্রসনান। নাতালিয়া রাশিয়ার মহাকাশ কর্মসূচির সঙ্গে যুক্ত একজন দক্ষ কম্পিউটার প্রোগ্রামার। শারীরিক লড়াইয়ে বিশেষ পারদর্শী না হলেও নিজের বুদ্ধি, প্রযুক্তিগত জ্ঞান এবং উপস্থিত বুদ্ধির সাহায্যে বিপদ মোকাবিলা করেছিল চরিত্রটি।

১৯৭০ সালে পোল্যান্ডে জন্ম ইজাবেলার। অভিনয়ের পাশাপাশি মডেলিং এবং বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘উইথ ফায়ার অ্যান্ড সোর্ড’, ‘ভার্টিকাল লিমিট’ এবং ‘হিডেন: ফার্স্ট বর্ন’-এর মতো ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

বারবারা বাখ

১৯৭৭ সালের ‘দ্য স্পাই হু লাভড মি’ ছবিতে আনিয়া আমাসোভা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন বারবারা বাখ। ছবিতে রজার মুরের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। আনিয়া ছিলেন সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির এজেন্ট। প্রথমদিকে দুজনের মধ্যে প্রতিযোগিতা থাকলেও পরে একসঙ্গে ঝুকিপূর্ণ অভিযানে নামতে দেখা যায় তাঁদের।

১৯৪৬ সালের ২৮ অগস্ট নিউইয়র্কে জন্ম বারবারার। অভিনয়জীবন শুরুর আগে ফ্যাশন জগতে কাজ করতেন। ইতালীয় টেলিভিশন সিরিজ ‘দ্য অডিসি’-র মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন তিনি। পরবর্তী সময়ে ‘দ্য স্পাই হু লাভড মি’ তাঁকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। বন্ড ছবির ইতিহাসে স্মরণীয় নারীচরিত্রগুলির মধ্যে আনিয়া আমাসোভা আজও বিশেষ জায়গা দখল করে রয়েছে।

এদিকে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলো পরবর্তী জেমস বন্ডের নাম। ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হিসেবে নতুন ‘০০৭’ হতে চলেছেন অভিনেতা রবার্ট প্যাটিনসন। ‘ব্যাটম্যান’ খ্যাত এই তারকাকে দেখা যাবে জনপ্রিয় গুপ্তচর জেমস বন্ডের ভূমিকায়। তার নাম ঘোষণার পর থেকে আলোচনা শুরু হয়েছে তাহলে কে হচ্ছেন পরবর্তী বন্ড গার্ল। উল্লেখ, এই বিষয়ে এখনও বিস্তারিত জানান যায়নি।