কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিএনপির প্রতিবাদ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিএনপির প্রতিবাদ মিছিল

ছবি: সংগৃহীত

 

দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

উপজেলা বিএনপির আয়োজনে বুধবার রাত সোয়া ৯টার দিকে পৌর মার্কেট চত্বর থেকে বের হওয়া মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে। পরে পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনির নেতৃত্বে অনুষ্ঠিত এ মিছিল ও সমাবেশে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী, সমর্থকেরা অংশ নেন। 

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ গোপালগঞ্জসহ বিভিন্ন জায়গায় হামলা-ভাংচুর, জ্বালাও-পেড়াওর মত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নৈরাজ্য সৃষ্টি করছে। আমরা বিএনপি নেতা-কর্মীরা প্রস্তুত ও ঐক্যবদ্ধ থেকে এ নৈরাজ্য প্রতিহত করবো। এছাড়া আমাদের এলাকায় কেউ এমন কর্মকাণ্ড চালাতে পারবে না। কেউ নৈরাজ্যের চেষ্টা করলে কঠিন হাতে প্রতিহত করার পাশাপাশি তাদেরকে ধরে পুলিশে দেয়া হবে।