আজ থেকে গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’

আজ থেকে গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’

ফাইল ছবি

রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল সীমিত করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার থেকে ট্রেনটি আর গোপালগঞ্জ পর্যন্ত যাবে না। আপাতত ফরিদপুরের কালুখালী স্টেশনেই যাত্রা শেষ করবে ট্রেনটি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ আপাতত গোপালগঞ্জ পর্যন্ত চলাচল করবে না। রাজশাহী থেকে ছেড়ে ট্রেনটি কালুখালী স্টেশন পর্যন্ত যাবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতো গোপালগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে।

রেলওয়ের সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ৭৮৪ নম্বর ট্রেনটি প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা ও কালুখালীসহ বিভিন্ন স্টেশন হয়ে গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌঁছায়। ফিরতি পথে ৭৮৩ নম্বর ট্রেনটি সকালে গোবরা থেকে ছেড়ে দুপুরে রাজশাহী পৌঁছায়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত কালুখালী স্টেশনেই ট্রেনটির যাত্রা শেষ হবে। ফলে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী যাত্রীদের কালুখালীর পরবর্তী গন্তব্যে যেতে বিকল্প পরিবহন ব্যবহার করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় নির্ধারিত রুটে ট্রেন চলাচল শুরু হবে