কালিয়াকৈরে তিন দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা

কালিয়াকৈরে তিন দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা

ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার বিকালে তিন মুদি দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয়ের ভাউচার না থাকায় উপজেলার সফিপুর বাজারের মুদি ব্যবসায়ী পল্টন সাহা, আফাজ উদ্দিন ও হানিফ মিয়াকে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ।

জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন  বাজারে গত কয়েকদিন ধরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে উপজেলার সফিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় পণ্যের মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয়ের ভাউচার না থাকার দায়ে মুদি দোকানি পল্টন সাহা, আফাজ  উদ্দিন ও হানিফ মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ এই রায় প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ভূমি নাজির আতিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।