ইবি শিক্ষক হাফিজকে বিভাগীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ
হাফিজুল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে বিভাগীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (২৩ অক্টোবর) এ সিদ্ধান্ত জানিয়ে ওই শিক্ষককে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তে গঠিত কমিটির চুড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে।
চিঠি অনুযায়ী, হাফিজুল ইসলামের বিরুদ্ধে সংঘটিত শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং তাদের লিখিত ও মৌখিক অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির কাজ চলমান রয়েছে। তাই তদন্ত কার্যক্রমের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাকে বিভাগের একাডেমিক ও পরীক্ষা সংক্রান্তসহ বিভাগীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, হাফিজুল ইসলামের বিরুদ্ধে ছাত্রদের জোরপূর্বক সমকামিতায় বাধ্য করা, কথা না শুনলে মার্ক কম দেওয়া, শ্রেণিকক্ষে ছাত্রীদের কুরুচিপূর্ণ গালিগালাজ ও পোশাক নিয়ে বাজে মন্তব্য করা, শিক্ষার্থীদের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে পেটানো ও ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দিতেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। এসব অভিযোগ এনে গত ৭ অক্টোবর তার অপসারণের দাবিতে প্রধান ফটক অবরোধ করে বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে দাবির প্রেক্ষিতে অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করে প্রশাসন। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
ইতোমধ্যে বিভাগটির শিক্ষক ও শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিয়েছে তদন্ত কমিটি। মঙ্গলবার হাফিজের সাক্ষাৎকারের ডেট থাকলেও নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে তিনি সাক্ষাৎকার দিতে আসেন নি। এদিকে ওইদিন ওই শিক্ষকের সাক্ষাৎকার দিতে আসার কথা জানার পর শিক্ষার্থীরা তার স্থায়ী বরখাস্তের দাবিতে বিক্ষোভ মিছিল করে এবং তার কুশপুত্তলিকা দাহ করে।