মুম্বাই ছেড়ে নতুন ভূমিকায় জয়াবর্ধনে
ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে আগামী মৌসুমের আগে দিল্লি ক্যাপিটালসের নারী প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) দলের ক্রিকেট পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, জয়াবর্ধনে দলের ক্রিকেট-সংক্রান্ত সব বিষয় দেখাশোনা করবেন। যার মধ্যে রয়েছে দলের কৌশল নির্ধারণ, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং খেলোয়াড় ও কোচিং স্টাফদের উন্নয়ন।
এর মাধ্যমে ১৩ বছরেরও বেশি সময় পর ক্যাপিটালস শিবিরে ফিরলেন জয়াবর্ধনে। ২০১২ ও ২০১৩ সালে তিনি এই দলের (তখনকার নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস) হয়ে আইপিএলে খেলেছিলেন এবং দ্বিতীয় মৌসুমে দলের নেতৃত্বও দিয়েছিলেন। সম্প্রতি তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন; তার অধীনে দলটি ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে শিরোপা জিতেছিল।
জয়াবর্ধনে বলেন, দিল্লি ক্যাপিটালসের একটি শক্তিশালী পরিচিতি রয়েছে এবং নারী ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে তাদের দারুণ এক লক্ষ্য আছে। ডব্লিউপিএল দলের ‘ডিরেক্টর অব ক্রিকেট’ হিসেবে দায়িত্ব নিতে পেরে আমি আনন্দিত।
তিনি আরও বলেন, নারী ক্রিকেটের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে এই প্রতিযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে। আমি প্রতিভাবান খেলোয়াড় এবং অভিজ্ঞ সাপোর্ট স্টাফদের নিয়ে কাজ করার অপেক্ষায় আছি। আমার মূল লক্ষ্য হবে দলের বর্তমান শক্তিগুলোকে আরও বাড়ানো, পারফরম্যান্সে ধারাবাহিকতা আনা এবং দলটিকে প্রতিনিয়ত উন্নত করে শিরোপার লড়াইয়ে টিকে রাখা। আমরা একসঙ্গে কী অর্জন করতে পারি, তা নিয়ে আমি খুবই আশাবাদী।
দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক কিরণ কুমার গ্রান্ধি ও পার্থ জিন্দাল জয়াবর্ধনের যোগদানের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। এখানে তিনি প্রধান কোচ জোনাথন ব্যাটি এবং অধিনায়ক জেমিমাহ রদ্রিগেজের সঙ্গে কাজ করবেন।
গ্রান্ধি বলেন, মাহেলার নিয়োগ আমাদের নারী দলে অভিজ্ঞতার এক নতুন মাত্রা ও কৌশলগত নেতৃত্ব যোগ করবে। আধুনিক ক্রিকেটের ওপর তার গভীর জ্ঞান এবং প্রতিযোগিতামূলক দল গড়ার অভিজ্ঞতা দিল্লি ক্যাপিটালস নারী দলকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে অত্যন্ত মূল্যবান হবে। নারী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দিল্লি ক্যাপিটালসকে অন্যতম সেরা দল হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য আমাদের রয়েছে, তাতে মাহেলার অবদান দেখার অপেক্ষায় আছি।
জিন্দাল বলেন, ক্রিকেট নিয়ে যাদের চিন্তাশক্তি সবচেয়ে চমৎকার, মাহেলা তাদের মধ্যে অন্যতম। খেলোয়াড়, অধিনায়ক এবং কোচ হিসেবে তার রেকর্ডই তার সক্ষমতার প্রমাণ দেয়। তাকে ডিসি পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তিনি যে অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি নিয়ে আসছেন, তা আমাদের দলের জন্য দারুণ কার্যকর হবে বলে আমরা আশা করছি।
জায়াবর্ধনের ওপর দায়িত্ব থাকবে তার শিরোপা জয়ের মানসিকতাকে ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিতে নিয়ে আসার। ডব্লিউপিএল-এ চারবার রানার্সআপ হওয়া সত্ত্বেও ক্যাপিটালস এখনও তাদের প্রথম শিরোপার অপেক্ষায় রয়েছে। টুর্নামেন্টটির পঞ্চম আসর শুরু হবে ২০২৭ সালের ১৪ জানুয়ারি। এর দুই দিন পর ভদোদরায় বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে ক্যাপিটালস।