ছাত্রলীগকে নিষিদ্ধ করায় নারায়ণগঞ্জে আনন্দ মিছিল
সংগৃহীত ছবি
ছাত্রলীগকে নিষিদ্ধ করায় নারায়ণগঞ্জ আদালত পাড়ায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
এ দিন আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে আদালত পাড়া প্রদক্ষিণ করে পুনরায় বার ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্রলীগ দীর্ঘ ১৬ বছর ধরেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। ক্ষমতার বলে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছে। তারা শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের ওপর হামলা করেছে। সারা দেশে তারা অসংখ্য মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। তাই ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার জন্য অন্তবর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।
এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতিঅ্যাডভোকেট খন্দকার আজিজুল হক হান্টু।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা।
এদিকে, ছাত্রলীগকে নিষিদ্ধ করায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন সরকারি তোলারাম কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
দুপুরে তোলারাম কলেজ প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিল নিয়ে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হন তারা। শহীদ মিনারে উপস্থিত সাধারণ মানুষদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।