চাঁদপুরে ইলিশ ধরায় ৯ জেলে আটক

চাঁদপুরে ইলিশ ধরায় ৯ জেলে আটক

প্রতীকী ছবি

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় চাঁদপুরে নয় জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এসময় ৪৩০০ মিটার কারেন্টজাল ও দুইটি নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় মৎস্য আইনে চারটি মামলা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন চাঁদপুর পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। অভিযানে সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ, চাঁদপুর নৌ থানার ওসি  এ.কে এম ইকবাল, মোহনপুর নৌ ফাঁড়ির ওসি জহির উদ্দিন সহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে আনন্দবাজার এলাকার মো. সাগর বেপারী (২৮), মো. শরীফ হোসেন (২৬), মো. আল আমিন (২৬), মিঠুন মল্লিক (২২), মো. নাঈম কুরালী (১৪) ও মো. ইয়াসিন খাঁন (১৬) সহ ৬ জনকে নৌকা দিয়ে মাছ ধরারকালে আটক করা হয়। এসময় ৩১০০ মিটার কারেন্টজাল ও একটি নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় মৎস্য আইনের তিনটি মামলা করা হয়েছে।

অপরদিকে, মতলব উত্তর থানার মোহনপুর এলাকায় মাছ ধরাকালে জয়দেব (৩০), সুকুমার বর্মণ (২৫) ও বিকাশ বর্মণ (৩০) নামে তিন জনকে আটক করা হয়। তাদের কাছে ১২০০ মিটার কারেন্ট জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। এ ঘটনায়ও মৎস্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পরে পুলিশ সুপার স্থানীয় মৎস্যজীবী ও আড়তদারদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। মা ইলিশকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। মা ইলিশ সংরক্ষণে চাঁদপুর নৌ পুলিশ সার্বক্ষণিক নদীতে মোতায়েন থাকবে।  নিষেধাজ্ঞার সময় ইলিশ ধরা কার্যক্রম থেকে বিরত থাকার মাধ্যমে জাতীয় এই সম্পদ সংরক্ষণে সহযোগিতা করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।