নিয়মিত দাঁত ব্রাশ না করলে যেসব শারীরিক সমস্যার ঝুঁকি বাড়ে

নিয়মিত দাঁত ব্রাশ না করলে যেসব শারীরিক সমস্যার ঝুঁকি বাড়ে

ফাইল ছবি

দাঁতের সঠিক যত্ন না নিলে একদিকে যেমন দাঁতে ব্যথা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, ঠিক তেমনই দাঁতে পোকা, মুখের ভেতরে ঘা এবং নিঃশ্বাসে দুর্গন্ধ হবে নিত্যসঙ্গী। আর তাই দাঁত ভালো রাখতে দাঁত মাজার কোনো বিকল্প নেই।

নিয়মিত দাঁত ব্রাশ করা দৈনন্দিন জীবনের স্বাস্থ‍্যকর অভ‍্যাসগুলোর একটা। মুখের ভেতরে জমে থাকা ব‍্যাক্টেরিয়া দাঁতের ক্ষয়ের কারণ হয়ে ওঠে। রোজ নিয়ম করে ব্রাশ না করলে দাঁতের নানা সমস্যা দেখা দেয়।

শুধু কি দাঁতের? চিকিৎসকেরা জানাচ্ছেন, নিয়মিত দাঁত না মাজলে তার প্রভাব পড়ে শরীরেও। মুখের স্বাস্থ‍্যবিধির সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে শরীরেরও। রোজ দাঁত না মাজলে কী কী শারীরিক সমস্যা দেখা দিতে পারে? জেনে নিন তাড়াতাড়ি- 

ডায়াবেটিস: মুখের ভেতরের সংক্রমণে রক্তে শর্করা বেড়ে যেতে পারে। ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। মুখের ভেতরের পরিস্থিতির ওপর রক্তে গ্লুকোজের ভারসাম‍্য নির্ভর করে।

অন্তঃসত্ত্বাকালীন জটিলতা: দাঁত না মাজার পরিণতি যে কত মারাত্মক হতে পারে, তা উঠে এসছে বিভিন্ন গবেষণায়। নিয়মিত দাঁত না মাজলে অনেক সময় সময়ের আগে সন্তান জন্মানোর ঝুঁকি থাকে। এমনকি শিশুর ওজন অনেক কম হওয়ারও ভয় থাকে।

হার্টের সমস্যা: দাঁত না মাজার সঙ্গে হার্টের সমস্যার সরাসরি যোগ রয়েছে। দাঁত না মাজলে মুখের ভিতর সংক্রমণ হয়। সংক্রমণের ফলে এক ধরনের টক্সিন নিঃসৃত হয়। যে টক্সিন রক্তের মধ‍্যে দিয়ে সরাসরি হার্টে গিয়ে পৌঁছায়। যার ফলে হার্ট সংক্রান্ত নানা জটিলতা তৈরি হয়।