ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ

সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহকদের আমানতের সুরক্ষা, ব্যাংকের প্রকৃত মালিকদের কাছে শেয়ার ফিরিয়ে দেওয়া, লুণ্ঠিত অর্থ উদ্ধার, লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত, পুনর্বাসন রোধ এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

রবিবার (২২ নভেম্বর) ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে আয়োজিত মিছিলটি রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে শুরু হয়। পরে দৈনিক বাংলা মোড় ও পল্টন মোড় প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুর নবী মানিক বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৩ কোটি গ্রাহকের আমানতের সুরক্ষা ও ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখতে তারা সাত দফা দাবি উপস্থাপন করেছেন। বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টরা এসব দাবিকে যৌক্তিক হিসেবে স্বীকার করলেও অদৃশ্য কারণে তা বাস্তবায়ন হচ্ছে না।

তিনি অভিযোগ করেন, ইসলামী ব্যাংক ধ্বংসের নীলনকশা বাস্তবায়নকারী ও ব্যাংক ডাকাত এস আলমকে পুনঃপ্রতিষ্ঠার ভয়ংকর ষড়যন্ত্র চলছে। জনস্বার্থে সাত দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সদিচ্ছা থাকলেও সরকারের ভেতরের একটি অংশ এস আলম গ্রুপের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে এসব দাবি বাস্তবায়ন না করতে বাংলাদেশ ব্যাংকের ওপর চাপ সৃষ্টি করছে।

অধ্যাপক নুর নবী মানিক বলেন, ইসলামী ব্যাংকের প্রশাসক জহির হোসেন ৬ হাজার ৪০০ কোটি টাকা মূলধন সংগ্রহের নামে ইসলামী ব্যাংককে সরকারের হাতে তুলে দেওয়ার নীলনকশা বাস্তবায়নে কাজ করছেন। ইসলামী ব্যাংক নিয়ে যেকোনো ষড়যন্ত্র গ্রাহক ও শেয়ারহোল্ডারদের সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

ইসলামী ব্যাংক প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই ইসলামী ব্যাংক সরকার কিংবা এস আলমের হাতে তুলে দেওয়া যাবে না। ব্যাংকটি নিয়ে চলমান ষড়যন্ত্র বন্ধ না হলে তা প্রতিহত করতে গ্রাহক ও শেয়ারহোল্ডাররা রাজপথে নামতে বাধ্য হবেন।

তিনি বলেন, সাত দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় ইসলামী ব্যাংকের বিদ্যমান সংকট ক্রমেই বাড়ছে। এ সংকট সমাধানে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম অর্থমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্টদের বারবার আহ্বান ও অনুরোধ জানিয়ে আসছে। কিন্তু সরকারের নীরব ভূমিকা দেখে মনে হচ্ছে, সরকার শান্তিপূর্ণভাবে এসব দাবি বাস্তবায়নে আগ্রহী নয়।

অধ্যাপক নুর নবী মানিক বলেন, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের নেতৃত্বে ব্যাংকের হাজার হাজার গ্রাহক ও শেয়ারহোল্ডার সাত দফা দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছেন। সরকার শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়ন না করলে ব্যাংকের ৩ কোটি গ্রাহক তাদের আমানতের সুরক্ষা ও ব্যাংকের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

৭ দফা দাবি:
১. পরিচালক পর্ষদ গঠন: অবিলম্বে অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন করতে হবে।স্বল্প সময়ের ব্যবধানে পূর্ণাঙ্গ বোর্ড গঠনের কথা থাকলেও ৫ মাসের অধিক সময় পার হওয়ার পরও দৃশ্যমান কোন অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না। ব্যাংকের যেকোনো গুরুত্বপূর্ণ ও কৌশলগত সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের দোহাই দিয়ে তিনি দায়িত্ব এড়িয়ে চলছেন।
২. প্রকৃত মালিকদের নিকট শেয়ার হস্তান্তর: ২০১৭ সালে গায়ের জোরে ও রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে এই ব্যাংকের যে বৈধ মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল, তা অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। উল্লেখৎ, প্রশাসক জহির হোসেন এস আলমের অবৈধভাবে দখলকৃত ৮২ শতাংশ শেয়ার উদ্ধার করে মূল মালিকদের নিকট ফিরিয়ে দেওয়ার কোন উদ্যোগ নিচ্ছে না। বরং ইসলামী ব্যাংকের ৬৪০০ কোটি টাকা মূলধন বৃদ্ধির নামে ৭৮.৮ শতাংশ শেয়ার মালিকানা বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া সব আয়োজন সম্পন্ন করার ষড়যন্ত্র করছে। যা খুবই উদ্বেগজনক ও বিরল ঘটনা।

৩. স্থিতিশীলতা ও স্থায়িত্ব: গ্রাহকদের আস্থা অর্জনের লক্ষ্যে ভারপ্রাপ্ত এমডির পরিবর্তে তাকেই পূর্ণাঙ্গ এমডি হিসাবে দায়িত্ব অর্পণ করতে হবে। ব্যাংক অভ্যন্তরে এস আলমের সক্রিয় দালালদের চিহ্নিত করে তাদেরকে বহিস্কার করতে হবে, চাকরির মেয়াদ থাকা সত্ত্বেও ঊর্ধ্বতন নির্বাহীদের মধ্যে যাদেরকে অবসরে পাঠানো হয়েছে তাদেরকে ফিরিয়ে আনতে হবে।

৪. অপপ্রচার রোধ: ইসলামী ব্যাংকগুলোতে বিরাজমান আতঙ্ক দূর করতে হবে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী ব্যাংকগুলোর বিরুদ্ধে চলমান উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার রোধে দ্রুত ও কার্যকর আইনি ব্যবস্থা নিতে হবে।

৫. ব্যাংকের লুণ্ঠিত অর্থ উদ্ধার ও এস আলমের সম্পদ বাজেয়াপ্ত: একটি বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে এস আলম কর্তৃক ব্যাংকের লুণ্ঠিত ৮২ হাজার কোটি টাকা উদ্ধার করতে হবে এবং বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে এনে ব্যাংকের দায় পরিশোধের ব্যবস্থা করতে হবে। অর্থ ঋণ আদালতে বিশেষ সেল গঠন করে লুটেরাদের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত ও বিক্রির মাধ্যমে ব্যাংকের দেনা শোধ করতে হবে।

৬. লুটেরাদের পুনর্বাসন রোধ: আমরা লক্ষ্য করছি এস আলমকে পুনর্বাসন ও ব্যাংকের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার জন্য একটা বাহিনীকে মাঠে নামানো হয়েছে। তাদের অপতৎপরতা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। তারা সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তিকর তথ্য দিয়ে পরিবেশের অবনতির চেষ্টা করছে। আমরা গভীর উদ্বেগের সহিত লক্ষ্য করছি ব্যাংকের দায়েরকৃত মামলার মেরিট দুর্বল করার জন্য যোগ্য আইনজীবী পরিবর্তন করা হয়েছে যা কোনভাবেই মেনে নেওয়া যায় না। 
৭. বিশেষ ট্রাইব্যুনাল গঠন: ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।