ফের কন্যা সন্তানের বাবা হলেন বাপ্পা মজুমদার

ফের কন্যা সন্তানের বাবা হলেন বাপ্পা মজুমদার

ফাইল ছবি

কন্যা সন্তানের বাবা হয়েছেন গায়ক-সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। তিনি নিজেই জানালেন সুখবরটি।  বাপ্পা মজুমদার বলেন, আজ সোমবার (২৮ অক্টোবার) সকালে ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় তার কন্যা। চিকিৎসক নার্গিস ফাতেমার তত্ত্বাবধানে অস্ত্রোপচার হয় অভিনয়শিল্পী তানিয়া হোসাইনের। বর্তমানে মা ও মেয়ে দুজনই ভালো আছেন।

বাপ্পা মজুমদার বাবা হওয়ার আনন্দে বলেন, বাবা হওয়ার এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সবার কাছে আমাদের মেয়ে ও মেয়ের মায়ের জন্য দোয়া চাই।

বাপ্পা জানান, সংসারের নতুন অতিথির নাম এখনো ঠিক করা হয়নি।

প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালের ১৬ মে দুই পরিবারের উপস্থিতিতে বাপ্পা মজুমদার ও তানিয়ার বাগদান অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকার পশ্চিম পান্থপথে তানিয়ার বাসায় এই বাগদান সম্পন্ন হয়। পরে ২৪ জুন একেবারে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে বিয়ে হয় তাদের। ২০১৯ সালের ডিসেম্বরে তাদের কোল আলো করে আসে প্রথম সন্তান অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা।